ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলে শনিবার শিরোপা লড়াইয়ে নামবে আবাহনী লিমিটেড এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
আবাহনী গতবারের রানার আপ। আর প্রথমবারের মতো খেলতে নেমেই ফাইনালে উঠেছে জাতীয় দলের খেলোয়াড় সমৃদ্ধ শেখ জামাল।
দুই বিদেশী কোচের অধীনে থাকা দু'টি দলের উপভোগ্য ফাইনালের জন্য অপেক্ষায় ফুটবলামোদীরা।
দুই ক্লাবের তরফ থেকেই শিরোপা জেতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। তবে ফাইনালে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটি মানছেন উভয় দলের কোচ এবং অধিনায়কই। দুই দলই শুক্রবার ফাইনালের জন্য চূড়ান্ত প্রস্তুতি সেরে নেয়।
শেখ জামাল সেমিফাইনালে মুক্তিযোদ্ধা সংসদকে এবং আবাহনী শেষ চারের লড়াইয়ে ব্রাদার্স ইউনিয়নকে হারায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২১১২ ঘ.
bdnews24