ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সনি এরিকসন চ্যাম্পিয়নশিপসে বুধবার অঘটনের শিকার হয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। হেরে যান তিনি স্যাম স্টসারের কাছে। তবে জিতেছেন ভেরা জনারেভা ও কিম ক্লাইস্টার্স।
কাতারের দোহায় আয়োজিত এই প্রতিযোগিতা থেকে অবশ্য এখনই বিদায় নিচ্ছেন না তিনি। তার সামনে সুযোগ থাকছে আরো একটি। বৃহস্পতিবার ওজনিয়াকি লড়বেন ইতালির ফ্রান্সেস্কা শিয়াভোনের বিপক্ষে।
মেয়েদের বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় ডেনমার্কের ওজনিয়াকি ৬-৪ ও ৬-৩ গেমে হার মানেন অস্ট্রেলিয়ার স্টসারের কাছে।
খেলা শেষে ওজনিয়াকি বলেন, "কয়েকটি সুযোগ পেলেও আমি তা কাজে লাগাতে পারিনি। তাই খেলায় হেরে গেছি। এই হারের কথা ভুলেই আমাকে সামনে এগিয়ে যেতে হবে।" এর আগে মঙ্গলবার রাশিয়ার এলেনা দেমেন্তিয়েভাকে হারান তিনি।
দিনের অন্য খেলায় র্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা রাশিয়ার জনারেভা ৭-৬ (৪) ও ৬-৪ ব্যবধানে জেতেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে।
ছয় সপ্তাহ পর কোর্টে ফিরে জয়ের দেখা পেলেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স। তিনি ৬-২ ও ৬-৩ গেমে হারান সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৩০ ঘ.
bdnews24