ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ৩২টি দলের ৫৭৫জন সাঁতারু অংশ নিচ্ছেন।
মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতা শুরু হচ্ছে বৃহস্পতিবার। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।
জাতীয় ক্রীড়া পরিষদে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলা হয়, সাঁতারুরা লড়বেন ৪২টি সোনার পদকের জন্য। এর মধ্যে সাঁতারে রয়েছে ৩৮টি, ডাইভিংয়ে তিনটি ও ওয়াটারপোলোতে একটি।
এর আগে প্রতিযোগিতায় এত সাঁতারু আর কখনোই অংশ নেননি। বেশির ভাগ সাঁতারু এসেছেন ঢাকার বাইরে থেকে।
ডাইভিংয়র ইভেন্ট তিনটি হবে সেনাবাহিনীর পুলে। মিরপুর সুইমিং পুলে ডাইভি স্প্রিং বোর্ড না থাকায় এই ব্যবস্থা নেয়া হয় বলে জানিয়েছে সাঁতার ফেডারেশন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের কর্মকর্তারা ছাড়াও স্পন্সর ওয়ালটনের উপ-পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার।
সেরা পুরুষ এবং মহিলা সাঁতারুকে একটি করে টেলিভিশন দেবে ওয়ালটন।
প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৮৫৭ ঘ.
bdnews24