২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলার দিকেই বেশি মনোযোগ ফার্গুসনের

ওয়েন রুনিকে নিয়ে যাবতীয় আলোচনা পেছনে ফেলে এখন রোববারের ম্যাচের দিকেই বেশি মনোযোগ ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 01:26 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েন রুনিকে নিয়ে যাবতীয় আলোচনা পেছনে ফেলে এখন রোববারের ম্যাচের দিকেই বেশি মনোযোগ ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের। রুনি ম্যান ইউতে থাকবেন নাকি বিদায় বলবেন এই নিয়ে গত এক সপ্তাহ সংবাদ মাধ্যমে বেশ হৈ চৈ চলেছে। যদিও শেষ পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রুনি। শুক্রবার নতুন করে ৫ বছরের চুক্তিও করেন তিনি। ফার্গুসন বলেন, "রুনি ম্যানইউতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমরা এখন প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দল চেলসির সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধান কিভাবে কমানো যায় সেই ব্যাপারেই বেশি মনোযোগ দিচ্ছি।" প্রিমিয়ার লিগে এ পর্যন্ত খেলা নিজেদের আট ম্যাচের মধ্যে পাঁচটিতেই ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর মধ্যে এভারটনের বিপক্ষে খেলায় দুই গোলে এগিয়ে থাকার পরও তারা সেটা ধরে রাখতে পারেনি। ওয়েস্ট ব্রোমের বিপক্ষে নিজেদের ঘরের মাঠেও একই কাণ্ড করে ম্যান ইউ। রোববারের খেলার বিষয়ে ফার্গুসন বলেন, "এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে স্টোক সিটির বিপক্ষে ভালো খেলা। আমার ও খেলোয়াড়দের মধ্যে কোন ধরনের সমস্যা নেই। আমরা ম্যানচেস্টার ইউনাইটেডকে শীর্ষে নেয়ার জন্য সবচেয়ে ভালোটাই করার চেষ্টা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/এনআই/১৯১৯ ঘ.