ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ঢাকা আবাহনী।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে গ্র"প পর্বের শেষ খেলায় শুক্রবার ২-১ গোলে শেখ জামাল হারিয়েছে রহমতগঞ্জকে।
দিনের অন্য খেলায় শেখ রাসেলের সঙ্গে গোলশূন্য ড্র করে ঢাকা আবাহনী।
শেখ জামালের পক্ষে গোল দু'টি করেন সবুজ ও জাহিদ। রহমতগঞ্জের পক্ষে একমাত্র গোলটি দেন পাশবন।
রহমতগঞ্জকে হারাতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে শেখ জামালকে। শুরুতে দুই গোল দিলেও পরে খেই হারিয়ে ফেলে দলটি।
খেলার ৩৪ মিনিটে সবুজের গোলে এগিয়ে যায় শেখ জামাল। জাহিদের কাছ থেকে বল পেয়ে রহমতগঞ্জের জালে পাঠাতে কোনো অসুবিধা হয়নি তার।
খেলার ৫৫ মিনিটে জাহিদ হোসেন ব্যবধান বাড়ান। বাঁ-প্রান্ত থেকে শাকিলের কাছ থেকে উড়ন্ত বল পেয়ে মাথা দিয়ে বল জড়িয়ে দেন জালে।
এরপরই কিছুটা হলেও এলোমেলো হয়ে পড়ে শেখ জামাল। সেই সুযোগে এক গোল শোধ করে রহমতগঞ্জ।
এদিকে অন্য ম্যাচে খেলার শেষ মুহূর্তে শেখ রাসেলের অধিনায়ক সামির ওমারি পেনাল্টি থেকে গোল করতে না পারলে আবাহনী বেঁচে যায়। আর শেষ চারে ওঠার সুযোগ নষ্ট হয় শেখ রাসেলের।
খেলার ৮৬ মিনিটে রাসেলের আক্রমণভাগের খেলোয়াড় ইউসুফকে আবাহনীর রক্ষণভাগের খেলোয়াড় শুভ্র মাটিতে ফেলে দিলে রেফারি তৈয়ব হাসান বাবু পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু সামির ওমারির শট বারের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/২১১৩ ঘ.
bdnews24