ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা। এরই মধ্যে বাগদানও হয়ে গেছে তার। একথা নিশ্চিত করেছেন স্বয়ং তার হবু বর স্লোভেনিয়ার বাস্কেটবল খেলোয়াড় সাশা ভুয়াচিচ।
২৬ বছর বয়সী ভুয়াচিচ বৃহস্পতিবার রাতে গোল্ডেন স্টেটের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আগে বলেন, "আমাদের বাগদান হয়ে গেছে। এতে আমরা দু'জনই খুব খুশি।"
তিনবার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ২৩ বছর বয়সী শারাপোভার এজেন্টও এক ই-মেইল বার্তায় বাগদানের কথা নিশ্চিত করেছেন।
লসঅ্যাঞ্জেলেস ল্যাকার্স দলের রক্ষণভাগের খেলোয়াড় ভুয়াচিচ বলেন, শারাপোভার সঙ্গে পরিচিত হওয়ার ঠিক এক বছরের মাথায় তিনি তাকে (শারাপোভা) বিয়ের প্রস্তাব দেন। তবে বিয়ের দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে জানান তিনি।
শারাপোভা ২০০৪ সালে উইম্বলডন জেতেন। ইউএস ওপেন জেতেন ২০০৬ সালে এবং অস্ট্রেলিয়ান ওপেন ২০০৮ এ। সেই সঙ্গে পৌঁছেছিলেন মেয়েদের বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে। এখন অবশ্য অনেকটা নিচে নেমে গেছেন তিনি। রয়েছেন ১৮ নম্বরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৪৭ ঘ.
bdnews24