ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নতুন আরো ৬টি খেলা যুক্ত হচ্ছে। এর আগে বিকেএসপিতে ১০ টি খেলা অন্তর্ভুক্ত ছিল।
বিকেএসপি'র তিনটি আঞ্চলিক কার্যালয়ে নতুন বিভাগগুলো চালু হবে।
চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে উশু, কারাতে ও তায়কোয়ান্ডো। খুলনা আঞ্চলিক কার্যালয়ে টেবিল টেনিস ও ব্যাডমিন্টন এবং বরিশাল আঞ্চলিক কার্যালয়ে ভলিবল চালুর সিদ্ধান্ত হয়েছে।
বিলুপ্তপ্রায় জনপ্রিয় কিছু গ্রামীণ খেলা চালু করারও সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুযায়ী বাংলা, ইংরেজী ও গণিত বিষয়ে অনার্স কোর্স চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিকেএসপির বোর্ড অব গভর্নরসদের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার সভাপতিত্ব করেন। এছাড়া যুব ও ক্রীড়া সচিব মাহবুব আহমদ, বিকেএসপি'র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. সালেহীনসহ বোর্ডের অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৭২৫ ঘ.
bdnews24