২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের সঙ্গে শেখ জামালের ড্র

নিজেদের দ্বিতীয় ম্যাচেও ড্র করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গ্রামীণফোন ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বে বুধবার তারা গোলশূন্য ড্র করে শেখ রাসেলের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 12:59 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজেদের দ্বিতীয় ম্যাচেও ড্র করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গ্রামীণফোন ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বে বুধবার তারা গোলশূন্য ড্র করে শেখ রাসেলের সঙ্গে। প্রথম ম্যাচে শেখ জামাল ১-১ গোলে ড্র করেছিল ঢাকা আবাহনীর সঙ্গে। দুই ম্যাচ ড্র করায় শেখ জামালের জন্য সেমি ফাইনালে ওঠার পথটা কঠিন হয়ে গেল। তবে সম্ভাবনার দ্বার এখনও খোলা আছে। কারণ শেষ ম্যাচের তাদের প্রতিপক্ষ রহমতগঞ্জ। ওই ম্যাচে জয় পেলে শেষ চারে চলে যাবে শেখ জামাল। শেখ রাসেলও প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করে। দুই ম্যাচ ড্র করায় তাদের সেমিতে পৌঁছানো সম্ভাবনা এখনও ঝুলে রয়েছে। শেষ ম্যাচে তাদের লড়তে হবে ঢাকা আবাহনীর সঙ্গে। তবে অঘটন ঘটাতে পারলে শেষ চারে তাদেরও জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজকের খেলায় অবশ্য শেখ জামাল একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে। বিশেষ করে ৬২ মিনিটে সবুজের পাস থেকে শাহেদের দুর্দান্ত শট বারে লেগে ফিরে না আসলে ফল অন্য রকমও হতে পারতো। আসলে শেখ জামালের আক্রমণভাগের খেলোয়াড়রা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। খেলা শেষে শেখ জামালের কোচ জোরান কার্লোভিচ দলের জয় না পাওয়ার জন্য ভাগ্যকে দোষ দিয়েছেন। তিনি বলেন, " ছেলেরা চেষ্টা করেছে। তবে এদিন ভাগ্য কেন জানি আমাদের বিপক্ষে গেছে। তবে রেফারিংও ভালো হয়নি।" ওদিকে শেখ রাসেল কোচ মাহমুদুল হক লিটন জানান, " শেখ জামালের বিপক্ষে আমরা এক পয়েন্ট পেয়েছি তাই বা কম কিসে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৮৫০ ঘ.