ঢাকা, ১৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনা থেকে ইন্টার মিলানে এসে ভালোই আছেন ক্যামেরুনের তারকা স্যামুয়েল ইতো। তার গোলক্ষুধা রয়েছে আগের মতোই। রোববার ইতোর করা একমাত্র গোলেই ইন্টার হারায় ক্যালিয়ারিকে। এদিন আরেক ম্যাচে লাতসিও ২-০ গোলে হারায় বারিকে।
সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইতালিয়ান সেরি 'আ'-তে পয়েন্ট তালিকার শীর্ষে এখন লাতসিও। সমান ম্যাচে এসি মিলান এবং ইন্টার দু'দলেরই পয়েন্ট ১৪। তবে গোল তফাতে দ্বিতীয় স্থানে রয়েছে মিলান।
ক্যালিয়ারির মাঠে ইতোকে দর্শক গ্যালারি থেকে কিছু বর্ণবিদ্বেষী মন্তব্য শুনতে হয়েছে। যে কারণে খেলা তিন মিনিট বন্ধ ছিল। তারপরও নিজের সেরাটাই খেলেছেন তিনি। খেলার ৩৯ মিনিটে পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে প্রতিপক্ষের দুজন খেলোয়াড়কে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন ইতো।
এই মৌসুমে ইন্টারের হয়ে ১১ ম্যাচে ১২ গোল করলেন তিনি। তার প্রশংসায় কোনো ফাঁক রাখেননি কোচ রাফায়েল বেনিটেজ।
ওদিকে ব্রাজিলিয়ান হার্নানেস এবং সার্জিও ফ্লোকারির গোলে লাতসিও হারায় বারিকে। একই দিন জুভেন্টাস ৪-০ গোলে হারায় লিসকে। সাম্পোদরিয়া ২-১ গোলে জেতে ফিওরেন্টিনার বিপক্ষে। আর নেপোলি - কাতানিয়ার খেলাটি ১-১ গোলে ড্র হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৭০৯ ঘ.
bdnews24