ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সোমবার শুরু হচ্ছে।
প্রথমদিনই শিরোপা প্রত্যাশী ঢাকা আবাহনী খেলবে চমক জাগানো দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ৬ টায় শুরু হবে খেলা।
গত মৌসুমে ফেডারেশন কাপের রানার-আপ হওয়ায় ঢাকা আবাহনী সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেলেও শেখ জামালকে বাছাই পর্ব পার হয়ে আসতে হয়েছে। এর আগে বিকেল ৩ টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শেখ রাসেল ও রহমতগঞ্জ।
বাছাই পর্বের দু'টি খেলার দু'টিতেই জিতেছে শেখ জামাল। প্রথম ম্যাচে ৩-০ গোলে হারায় ইয়াংমেন্স ক্লাবকে। দ্বিতীয় ম্যাচে আরামবাগের বিপক্ষে জেতে ২-০ গোলে।
গত মৌসুমে ফেডারেশন কাপের সেমিফাইনালে ওঠায় শেখ রাসেলও সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। আর রহমতগঞ্জ বাছাই পর্বে এক ম্যাচ জিতেই পরবর্তী পর্বে ওঠে। তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৯৩৪ ঘ.
bdnews24