ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে জুটি বাধার জন্য ম্যানচেস্টার সিটির আর্জেন্টিনার খেলোয়াড় কার্লোস তেভেজকে দলে টানার কথা গভীরভাবে বিবেচনা করছে বার্সেলোনা।
বার্সার কর্মকর্তাদের ধারণা, বড় অঙ্কের আর্থিক টোপ এবং মেসির পাশে খেলার সুযোগ, এ দু'টি বিষয়ই তেভেজের লা লিগায় আসার জন্য যথেষ্ট। এ ছাড়া সিটির কোচ রবার্তো মানচিনির সঙ্গে তেভেজের বাদানুবাদের খবরও উৎসাহিত করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের।
এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সিটির হয়ে দুর্দান্ত খেলছেন তেভেজ। তবে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ম্যাচে কোচ মানচিনির সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি। যদিও মানচিনি বলেছেন, এটি দল ছাড়ার কোনো কারণ হতে পারে না। তার সঙ্গে তেভেজের সম্পর্ক এখন ভালো।
বার্সার কর্মকর্তাদের ধারণা এ মৌসুমে মেসি থাকা সত্ত্বেও তাদের গোল করার ধার কমে গেছে। কারণ মেসিকে প্রতিটি দলই রাখে কড়া পাহারায়। তাই তার একজন গোল করার সঙ্গী দরকার। সেটা তেভেজ হলে দুর্দান্ত হয়। তাহলে দু'জনের বোঝা-পড়াটাও চমৎকার হবে।
আসছে জানুয়ারিতেই ইউরো ফুটবলে আরেকদফা দলবদল হবে। তখনই তেভেজকে ন্যু কাম্পে আনতে চায় বার্সা। তবে তেভেজকে যদি পাওয়া না যায়, তাহলে ওলন্দাজ দল আয়াক্সের উরুগুয়ের আক্রমণভাগের খেলোয়াড় লুইস সুয়ারেজকে প্রস্তাব দেবে বার্সেলোনা। জানা গেছে ২৩ বছর বয়সী সুয়ারেজও নেদারল্যান্ডস ছাড়ার জন্য একপায়ে দাঁড়িয়ে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/এনআই/২০৩১ ঘ.
bdnews24