২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের বিপক্ষে খেলছেন মেসি

শঙ্কা দূর করেছেন আর্জেন্টিনার কোচ স্বয়ং সার্জিও বাতিস্তা। জানিয়েছেন, শুক্রবার সাইতামায় জাপানের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে খেলবেন দলের সেরা তারকা লিওনেল মেসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 01:07 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শঙ্কা দূর করেছেন আর্জেন্টিনার কোচ স্বয়ং সার্জিও বাতিস্তা। জানিয়েছেন, শুক্রবার সাইতামায় জাপানের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে খেলবেন দলের সেরা তারকা লিওনেল মেসি। বাতিস্তা বলেন, ''আমি ওকে খেলাটি উপভোগ করতে বলেছি। আর কিছু ভাবার দরকার নেই। কারণ আমি জানি, দর্শকরা ওর সেরা ছন্দ দেখার জন্যই মাঠে আসবে।'' জাপানের বিপক্ষে ম্যাচটি গুরুত্বের সঙ্গেই নিয়েছেন বাতিস্তা। তাই সাবেক কোচ ডিয়েগো ম্যারাডোনার মতো তিনিও চাইছেন, তার দলের মূল খেলোয়াড় হয়ে উঠুক মেসি। ফিফার এই বর্ষসেরা ফুটবলারকে কেন্দ্রে রেখেই খেলার ছক তৈরি করছেন তিনি। জাপানের বিপক্ষে এর আগে ছয়বার খেলেছে আর্জেন্টিনা। জিতেছে সব খেলাতেই। তারপরও এ ম্যাচ নিয়ে বাতিস্তা নড়েচড়ে বসেছেন। বলেন, ''আমার ধারণা নিজেদের মাঠে জাপান আমাদের কঠিন চ্যালেঞ্জই ছুঁড়ে দেবে। ওরা যে লড়াকু দল গত বিশ্বকাপেই তা প্রমাণ হয়ে গেছে। দলে বেশ কয়েকজন বিশ্বমানের ফুটবলার রয়েছে। তাই প্রীতি ম্যাচ হলেও আমরা পুরোপুরি পেশাদার মনোভাব নিয়েই জয়ের জন্য খেলব।'' বাতিস্তা জানান, "বিশ্বের সেরা খেলোয়াড় রয়েছে আমাদের দলে। এর সুবিধা নিতেই হবে। তার মানে এই নয় যে মেসির ওপর আমরা বাড়তি চাপ সৃষ্টি করব। কিন্তু দলের বাকিরা যেন মাঠে নেমেই বুঝতে পারে বিশ্বের সেরা খেলোয়াড় ওদের সঙ্গে রয়েছে। তাই বল যেন মেসির কাছে পৌঁছে যায়। ওকে যেন বলের পেছনে দৌড়াতে না হয়।'' এদিকে দু'বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে সমানতালে লড়ার জন্য তৈরি জাপানও। দলের কোচ আলবার্তো জাকেরনি এমনটাই বলেছেন। দলের বিশ্বকাপ তারকা কেইসুকে হোন্ডা বলেছেন, ''হতে পারে এটি প্রীতি ম্যাচ। কিন্তু আমরা আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের প্রমাণ করতেই মাঠে নামব। আমাদেরও লক্ষ্য থাকবে জয়।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৮৪১ ঘ.