ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরো ২০১২ এর বাছাই পর্বে শুক্রবার আবারো মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, রানার-আপ নেদারল্যান্ডস, জার্মানি ও ইতালি। তবে খেলোয়াড়দের চোট সমস্যার জন্য বিপাকে পড়েছে দু'টি দল।
লিথুনিয়ার বিপক্ষে খেলায় স্পেন বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে পাচ্ছে না। চোট পাওয়ায় জাভি অ্যালোন্সো, সিসে ফ্যাব্রেগাস ও জেসাস নাভাস আগে থেকেই ছিলেন মাঠের বাইরে। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে খেলতে নেমে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ফার্নান্দো তোরেস। আহত হয়ে দর্শকের কাতারে রয়েছেন পেদ্রো রড্রিগুয়েজ।
তাই তাদের বাদ দিয়েই কোচ ভিসেন্তে দেল বস্কে'কে দল গঠন করতে হয়েছে। দলে নেয়া হয়েছে কাজোরলা, কার্লোস মার্চেনা, হুয়ান কাপডেভিলা, সোরিয়ানো এবং ভালেরোকে। তবে বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের খেলার ছকে কোনো পরিবর্তন আসবে না বলে তিনি জানিয়ে দিয়েছেন।
স্পেন মঙ্গলবার খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।
জার্মানি ঘরের মাঠ বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে তুরস্কের।
গত বিশ্বকাপে দুর্দান্ত খেলার জন্য জোয়াকিম লো'র পুরো দলকে জার্মানির সবচেয়ে সম্মানজনক খেতাব 'ফেডারেল অর্ডার অব মেরিট' দিয়ে সম্মানিত করেন জার্মানির প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফ। সেই অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ সম্মানজনক ক্রীড়া পুরস্কার 'সিলভার লরেল লিফ'ও প্রেসিডেন্ট তুলে দেন ফিলিপ লামদের হাতে।
এই জোড়া সম্মান পেয়ে খুব খুশি জার্মান দল। তবে তুরস্কের বিপক্ষে ও এর পরের খেলায় কাজাখস্তানের বিপক্ষে খেলতে পারবেন না মাঝ-মাঠের ভরসা বাস্টেইন শোয়াইন্সটিগার। কারণ সেই চোট। অধিনায়ক লামও এ ব্যাপারে বেশ চিন্তিত। বলেন, ''শোয়াইন্সটিগারের অভাব আমরা বেশ বোধ করব। তবে আশা করছি ওর অভাবটা অন্যরা বুঝতে দেবে না।''
দুশ্চিন্তা অবশ্য অনেক বেশি ইউরো ২০০৪ এর রানার-আপ পর্তুগালের। বাছাই পর্বের শুরুটা মোটেই ভালো হয়নি তাদের। বরখাস্ত করা হয়েছে কোচ কার্লোস কুইরোজকে। তবে ডেনমার্কের বিপক্ষে খেলায় পর্তুগাল পাচ্ছে তাদের এক নম্বর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
তিনদিন আগে লা লিগায় ডেপোর্তিভো লা করুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতেছিল ৬-১ গোলে। তাতে দু'টি গোল করেন রোনালদো। এটাই আপাতত আশার আলো দেখাচ্ছে পর্তুগালের নতুন কোচ বেন্টোকে।
নেদারল্যান্ডস খেলবে মলদোভার বিপক্ষে। মেরে খেলার জন্য নাইজেল ডি জংকে বাদ দিয়েছেন কোচ ফন ডার মারউইক।
ইতালির প্রতিপক্ষ উত্তর আয়ারল্যান্ড। তবে বাছাই পর্বে পরপর দুই ম্যাচ জিতে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা বেশ ভালো অবস্থায় আছে।
ইতালি মুখোমুখি হবে উত্তর আয়ারল্যান্ডের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৭৫১ ঘ.
bdnews24