ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত জাপান পৌঁছালেন লিওনেল মেসি। একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য আর্জেন্টিনা দল এখন সেখানে রয়েছে।
সাইতামায় শুক্রবার স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচ খেলবে দু'বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার তারকা মেসি টোকিও পৌঁছান বুধবার। মূল দল অবশ্য একদিন আগেই পৌঁছে যায় জাপানে।
বিমানবন্দরে উৎসাহী ভক্তরা ভিড় জমালেও দৃশ্যত ক্লান্ত মেসি সংবাদ মাধ্যম কিংবা অন্য কারো সঙ্গে কোনো কথা বলেননি। তবে কয়েকটি নির্ধারিত জায়গায় অটোগ্রাফ দেন ফিফার বর্ষসেরা এই ফুটবলার।
মেসির জাপান যাওয়া নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চিয়তা। কারণ গত ১৯ সেপ্টেম্বর স্পেনের লা লিগায় আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলার সময় গোড়ালিতে ব্যাথা পান। এরপরই তার জাপান যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে।
তবে দ্রুতই সেরে ওঠেন মেসি। লা লিগায় গত রোববার রিয়াল মায়োরকার বিপক্ষে মাঠেও নামেন। খেলা ১-১ গোলে ড্র হয়। বার্সার হয়ে একমাত্র গোলটিও করেন তিনি। কাজেই প্রীতি ম্যাচে তার না খেলার কোনো শঙ্কা আপাতত নেই।
তবে এর সঙ্গে অর্থ-কড়িরও একটা সম্পর্ক রয়েছে। জাপান ফুটবল ফেডারেশন আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েশনকে জানিয়ে দিয়েছিল, যদি তারা মেসিকে নিয়ে আসে এবং মাঠে নামায় তাহলে অতিরিক্ত দুই লাখ ডলার এসোসিয়েশনকে দেয়া হবে।
জাপান ফুটবল ফেডারেশনের প্রধান জুনজি ওগুরা বলেন, মেসি আসায় তারা খুবই আনন্দিত। এখন জাপানের ফুটবল ভক্তরা বিশ^সেরা এই ফুটবলারকে মাঠে দেখতে চায়।
আর্জেন্টিনা ২২ সদস্যের শক্তিশালী দলই নিয়ে গেছে জাপান। কোচ হিসেবে রয়েছেন সার্জিও বাতিস্তা। দলে রয়েছেন কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুইন ও হ্যাভিয়ের মাসচেরানোসহ সব তারকা ফুটবলারই। জাপানে এসেই অনুশীলনে নেমে পড়ে আর্জেন্টিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯১৪ ঘ.
bdnews24