ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজ দেশ পর্তুগালের কোচ না হতে পারার দুঃখ এখনো তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে হোসে মরিনহোকে।
কার্লোস কুইরোজকে কোচের পদ থেকে বরখাস্ত করার পর পর্তুগাল ফুটবল ফেডারেশন মরিনহোকে ইউরো ২০১২ এর বাছাই পর্বের খেলায় দলের দায়িত্ব নিতে অনুরোধ করেছিল। কিন্তু রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে যোগ দেয়া মরিনহোর পক্ষে সেই ডাকে সাড়া দেয়া সম্ভব হয়নি।
নিজের লেখা একটি কলামে মরিনহো স্বীকার করেন, রিয়াল তাকে বিপুল অর্থের বিনিময়ে এ মৌসুমের জন্য দায়িত্ব দিয়েছে। সেটিকে পাশ কাটানোর কোনো উপায় ছিল না।
তিনি লেখেন, "প্রস্তাব পাওয়ার পর টানা দু'দিন আমি বিষয়টি নিয়ে ভেবেছি। কারণ পর্তুগালের দায়িত্ব নেয়া আমার কাছে ভালোই লাগত। কিন্তু রিয়াল আমাকে অর্থের বিনিময়ে কোচের দায়িত্ব দিয়েছে। একই সঙ্গে আমার ওপর রেখেছে বিশ্বাস ও আস্থা। পুরো ব্যাপারটার সঙ্গে জড়িত বিশাল একটা নেটওয়ার্কও। কাজেই রিয়ালের সঙ্গে কথার খেলাপ করা আমার পক্ষে সম্ভব ছিল না।"
তাই সিদ্ধান্ত নিতে তার কষ্ট হলেও কোনো উপায় ছিল না। পর্তুগালের নতুন কোচ পাওলো বেনটোর ওপর আস্থা আছে মরিনহোর। তার বিশ্বাস, বেনটো ঠিকই পর্তুগালকে ইউরো ২০১২ এর চূড়ান্ত পর্বে নিয়ে যেতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮২৬ ঘ.
bdnews24