ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় এশিয়ান ট্যুর জয়ের দ্বারপ্রান্তে ছিলেন সিদ্দিকুর রহমান। কিন্তু একটুর জন্য ট্রফি হাত ফসকে গেল। রোববার তাইওয়ান ওপেনে প্লে-অফের লড়াইয়ে থাইল্যান্ডের পারিয়া জুনহাসাভাসদিকুলের কাছে হার মানলেন তিনি।
প্রথম বাংলাদেশী হিসেবে সিদ্দিকুর গত অগাস্টে ব্র"নাইয়ে জিতেছিলেন এশিয়ান গলফ ট্যুরের শিরোপা।
তাইওয়ানের গলফ ও কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড পর্যন্ত শীর্ষে ছিলেন তিনি। রোববার এই অবস্থান ধরে রাখতে পারলেই শিরোপার সঙ্গে পেতেন পাঁচ লাখ মার্কিন ডলার।
১৮ গর্তের পরও পয়েন্ট সমান ছিল সিদ্দিকুর এবং পারিয়ার। এরপরই শিরোপা নিষ্পত্তির জন্য প্লে-অফ লড়াইয়ে নামেন তারা।
কিন্তু বিমানের পাইলট থেকে গলফার বনে যাওয়া পারিয়া চমকে দিলেন সিদ্দিকুরকে। শেষ দিনে প্লে-অফের মাধ্যমেই নিষ্পত্তি হলো শিরোপার। আগের দিন তিনি ছিলেন দ্বিতীয় স্থানে।
তাইতো প্রথম এশিয়ান ট্যুরের শিরোপা জিতে ২৬ বছর বয়সী এই গলফার বলেন, ''সত্যিই আমি শিরোপা পাবো এমনটা প্রত্যাশা করিনি। কিন্তু ট্রফি মিললো। এই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়।''
অন্যদিকে বাংলাদেশের গলফার সিদ্দিকুরকে অবশ্য হতাশা ছুঁয়ে যায়নি। তিনি বলেন, ''শিরোপা পেলাম না স্বাভবিক ভাবেই খারাপ লাগছে। কিন্তু দ্বিতীয় হয়ে লড়াই শেষ করাটা খারাপ কিছু নয়। সেরা প্রতিযোগীই আসলে সবসময় জেতে। মনে হচ্ছে এই সপ্তাহটি আমার ছিল না।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/এনআই/১৯০৪ ঘ.
bdnews24