ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সব ধরনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। ১৯তম কমনওয়েলথ গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুত নয়া দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম। রোববারের এই অনুষ্ঠানের পরদিন থেকে শুরু হবে পদকের লড়াই। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।
গেমসে অংশ নেয়া ৭১টি দলই এখন মাঠের লড়াইয়ে নামতে প্রস্তুত। তবে পদকের লড়াইয়ের আগে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো বিশ্বকে চমকে দিতে চায় ভারত।
দেশটির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রায় পুরোটাই তুলে ধরা হবে উদ্বোধনী অনুষ্ঠানে। অস্কার পুরস্কার বিজয়ী সুরকার এ আর রেহমানকে দেখা যাবে স্টেডিয়ামে। তিনিই লিখেছেন গেমসের সঙ্গীত।
তবে গেমসের উদ্বোধন কে করবেন, তা নিয়ে রহস্য এখনো কাটেনি। তবে শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, রাষ্ট্রপতি প্রতিভা পাতিল উদ্বোধন করতে পারেন। অবশ্য রীতি অনুযায়ী গেমসের উদ্বোধন করে থাকেন ব্রিটেনের রানী। তবে এবার রানী এলিজাবেথ দিল্লি নাও আসতে পারেন। তার প্রতিনিধি হিসেবে দেখা যাবে প্রিন্স চার্লসকে।
পদকের জন্য ছয় হাজারেরও বেশি প্রতিযোগী লড়বেন ১৭ টি ডিসিপ্লিনে।
এবারের গেমসে সবচেয়ে বড় দলটি স্ব^াগতিক ভারতের। সদস্য সংখ্যা ৬৪০। গেমসের সবচেয়ে ছোট দল দ্বীপ দেশ সেন্ট এলিনার। সদস্য সংখ্যা চার।
তবে বরাবরের মতো অস্ট্রেলিয়া এবারও ফেভারিট। গত পাঁচটি গেমসে তারাই ছিল পদক তালিকার শীর্ষে। ২০০৬ সালে জিতেছিল ২২১টি পদক। এর মধ্যে সোনা ছিল ৮৪টি, রুপা ৬৯ এবং ব্রোঞ্জ ৬৮টি। অস্ট্রেলিয়ার ঠিক পেছনেই রয়েছে ইংল্যান্ড। এবার তারা পাঠিয়েছে ৩৫৯ সদস্যের দল।
ইংল্যান্ড দলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় মাইকেল গল্ট। ৫৬ বছর বয়সী এই শ্যুটার রেকর্ড করার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। এ পর্যন্ত চারটি গেমস থেকে মোট ১৫টি পদক জিতেছেন তিনি। গেমসে সবচেয়ে বেশি ১৮টি পদক জেতার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার শ্যুটার ফিলিপ অ্যাডামসের।
এদিকে আয়োজকরা জানিয়েছেন, বিভিন্ন ভেন্যুর হাজার হাজার টিকিট অবিক্রিত রয়ে গেছে।
প্রায় ২০ লাখ টিকেট সাধারণ দর্শকদের জন্য ছাড়া হয়েছে। মূল্য ভারতীয় মুদ্রায় ২০০ থেকে ১০০০ রুপি পর্যন্ত।
গেমসের সবচেয়ে বড় আকর্ষণ পুরুষদের ১০০ মিটার দৌড় ইভেন্টটি হবে ৭ অক্টোবর। কিন্তু তাতে অংশ নিচ্ছেন না বিশ্ব এবং অলিম্পিক রেকর্ডের অধিকারী জ্যামাইকার উসাইন বোল্ট। অংশ নিচ্ছেন না তার দেশের আসাফা পাওয়েলও। ফলে গেমসের সবচেয়ে বড় আকর্ষণটিই পানসে হয়ে গেছে।
গেমস উপলক্ষ্যে দিল্লির সব স্কুল বন্ধ থাকবে, বিশেষ ছুটি দেয়া হয়েছে। ছাত্র-ছাত্রীদের জন্য টিকিটের দামও অনেক কম। ভেন্যুতে যেতে মেট্রো ট্রেনে কোনো ভাড়া লাগবে না দর্শকদের। তারপরও গেমস নিয়ে দিল্লিবাসীর খুব একটা আগ্রহ নেই।
পুরো গেমস আয়োজনে খরচ হচ্ছে ৩৫৮ মিলিয়ন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৭৪৯ ঘ.
bdnews24