২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে খেলোয়াড়রা

কমনওয়েলথ গেমসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন আর কোনো চিন্তা নেই অংশ গ্রহণকারী দেশগুলোর। আবাসন নিয়েও অভিযোগ নেই। সাপ, কুকুর, মশা নিয়েও নতুন কোনো খবর বের হয়নি। বরং ৭১টি দলই এখন মাঠের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 12:15 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কমনওয়েলথ গেমসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন আর কোনো চিন্তা নেই অংশ গ্রহণকারী দেশগুলোর। আবাসন নিয়েও অভিযোগ নেই। সাপ, কুকুর, মশা নিয়েও নতুন কোনো খবর বের হয়নি। বরং ৭১টি দলই এখন মাঠের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে। নয়া দিল্লিতে রোববার শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে যে বৃহস্পতিবার ক্রীড়া পল্লীতে ঢুকতে বাধা দেয়া হয় অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী মার্ক আরবিবকে। তার গাড়ি প্রধান ফটকে আটকে দেয় নিরাপত্তা রক্ষীরা। কারণ তাদের কাছে যথাযথ পাশ ছিল না। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতরা জানান, আইন ভাঙা তাদের পক্ষে সম্ভব নয়। একই কথা বলেন দিল্লি পুলিশের কর্মকর্তা তেজেন্দর খান্না। পরে তল্লাশি করে তাকে ঢোকার অনুমতি দেয়া হয়। ততক্ষণে অবশ্য পল্লীতে থাকা অস্ট্রেলিয়ার অ্যাথলিটরাও তাকে নেয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। এবারের গেমসে সবচেয়ে বড় দল স্ব^াগতিক ভারতের। অ্যাথলিটের সংখ্যা ৬৪০। নিজেদের মাঠের বাড়তি সুবিধা নিয়ে ভারত এবার লড়তে চায় শীর্ষ সারিতে থাকার জন্য। শ্যুটিংই তাদের সবচেয়ে বড় ভরসা। গেমসে সবচেয়ে ছোট দল নিয়ে এসেছে দ্বীপ দেশ সেন্ট এলিনা। তাদের সদস্য সংখ্যা চার। সবাই শ্যুটার। দলে রয়েছেন ৬৯ বছর বয়সী সিরিল লিও এবং তার ১৮ বছরের ছেলে শ্যুটার ব্রিকো ইয়ান। তারপরও পদক জিততে চান তারা। অবশ্যই গেমসের ফেভারিট অস্ট্রেলিয়া। গত পাঁচটি গেমসে তারাই ছিল পদক তালিকার শীর্ষে। ইংল্যান্ডও লড়বে সমানতালে। এবার তারা এসেছে ৩৫৯ ক্রীড়াবিদ নিয়ে। দলের শেফ দ্য মিশন ক্রেগ হান্টার বলেন, "আমরা এখন নিজেদের সাফল্য নিয়ে ভাবছি। অ্যাথলিটদের মনোযোগ এখন গেমস ছাড়া আর কিছুতে নেই।" ইংল্যান্ড দলের সবচেয়ে বয়স্ক সদস্য মাইকেল গল্ট। ৫৬ বছর বয়সী এই শ্যুটার এবার মাঠে নামবেন রেকর্ড করার জন্য। এ পর্যন্ত চারটি গেমস থেকে মোট ১৫ টি পদক জিতেছেন গল্ট। গেমসে সবচেয়ে বেশি ১৮টি পদক জেতার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার শুটার ফিলিপ অ্যাডামস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭৫৪ ঘ.