২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির হাতে 'গোল্ডেন বুট'

গত মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলে সর্বাধিক গোলদাতার পুরস্কার 'গোল্ডেন বুট' ট্রফি তুলে দেয়া হয়েছে লিওনেল মেসির হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 11:01 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলে সর্বাধিক গোলদাতার পুরস্কার 'গোল্ডেন বুট' ট্রফি তুলে দেয়া হয়েছে লিওনেল মেসির হাতে। বার্সেলোনায় বৃহস্পতিবার রাতে জমকালো এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। গত মৌসুমে লা লিগার শিরোপা জিতেছিল বার্সেলোনা। দিদিয়ের দ্রগবা ও ডি নাটালিকে পেছনে ফেলে ২৩ বছর বয়সী আর্জেন্টিনার এই তারকা গোল করেছিলেন ৩৪টি। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির দ্রগবা এবং ইতালির সেরি 'আ'র দল উদিনেসের নাটালি, দু'জনই ২৯ টি করে গোল করেন। তাই গত মৌসুমের শেষে মেসিকে গোল্ডেন বুট দেয়ার ঘোষণা দেয়া হয়। এই পুরস্কার পাওয়ায় আরো তিন তারকার সঙ্গে নিজের নাম লেখালেন মেসি। বিশ^ ফুটবলের তিনটি সেরা পুরস্কার এখন মেসিরও দখলে। গোল্ডেন বুটের পাশাপাশি তিনি পেয়েছেন ইউরোপের বর্ষসেরা ফুটবলারের ট্রফি 'গোল্ডেন বল' ও ফিফার বর্ষসেরা ফুটবলারের ট্রফি। এর আগে এই তিন ট্রফি পেয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ তারকা এবং বিশ্বকাপে সর্বাধিক গোলদাতা রোনালদো (১৫ গোল), পর্তুগালের খেলা তৈরির কারিগর ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেদারল্যান্ডসের সাবেক তারকা মার্কো ফন বাস্তেন। যদিও গত মৌসুমে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স আমস্টারডামের পক্ষে সর্বাধিক ৩৫ গোল করেছিলেন উরুগুয়ের লুই সুয়ারেজ। কিন্তু পিছিয়ে পড়েন পয়েন্ট ব্যবধানে। কারণ ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি এবং ফ্রান্স ফুটবল লিগকেই ইউরোপের সেরা বলে বিবেচনা করা হয়। দক্ষিণ আফ্রিকা বিশ^কাপে আর্জেন্টিনার ব্যর্থতার পাশাপাশি মেসিও কোনো গোল করতে পারেননি। কিন্তু তার এই পুরস্কার পাওয়ায় খুব খুশি সাবেক কোচ ডিয়াগো ম্যারাডোনা। শিষ্যকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ''যোগ্য লোকের হাতেই এই ট্রফি উঠেছে। আমি নিশ্চিত ভবিষ্যতে এ রকম আরো অনেক ট্রফি উঠবে মেসির হাতে।'' বার্সেলোনার দ্বিতীয় ফুটবলার হিসেবে এই পুরস্কার পেলেন মেসি। এর আগে এই ট্রফি পেয়েছিলেন ব্রাজিলের রোনালদো, ১৯৯৬-৯৭ মৌসুমে। তিনিও করেছিলেন ৩৪ গোল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৬৪৫ ঘ.