ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পর্দা উঠলো একাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল দক্ষিণ এশিয়ার অলিম্পিককে বরণ করে নেয়ার নানা অনুষ্ঠান। সন্ধ্যায় লেজার শো, দৃষ্টি-নন্দন অ্যাকোয়েটিক শো ও আতশবাজির খেলায় বর্ণিল হয়ে ওঠে স্টেডিয়ামের আশপাশের আকাশ।
এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি মুক্তিযুদ্ধের সময়কার সেই অগ্নিঝড়া দিনগুলোর কথা তুলে ধরা হয়। তবে এর আগেই শুরু হয়ে গেছে ১৫৮টি স্বর্ণের জন্য ১ হাজার ৭৯৩ জন খেলোয়াড়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা।
আয়োজক কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের স্বাগত ভাষণের পরই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ হাসিনা, বিকেল ৪টা ৪০ মিনিটে। তিনি বলেন, "আমি আনুষ্ঠানিকভাবে একাদশ সাউথ এশিয়ান গেমসের উদ্বোধন ঘোষণা করছি।" সঙ্গে সঙ্গে শত শত রঙিন বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দেয়া হয়। ঠিক সেই মুহূর্তে মশাল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন সাবেক ক্রীড়াবিদরা।
১১ জন সাবেক ক্রীড়াবিদ ও একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মশাল বহন করেন। সব শেষে জাতীয় দলের সাবেক ফুটবলার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন মশাল স্ট্যান্ডে মশাল প্রজ্বলন করেন।
এরপরই শুরু হয় খেলোয়াড়দের শপথ-বাক্য পাঠ। দেশের দুই কৃতি ক্রীড়াবিদ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আমিনুল হক ও দেশের দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটি তাদের শপথ বাক্য পাঠ করান।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী বিকেল ৪টার দিকে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল আব্দুল মুবীন।
এরপরই শুরু হয় আট দেশের খেলোয়াড়দের বাদ্যের তালে তালে মাঠ প্রদক্ষিণ। প্রথমেই ছিল আফগানিস্তান। এরপর একে একে আসে নেপাল, পাকিস্তান, ভারত, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও সবশেষে ছিল স্বাগতিক বাংলাদেশের ক্রীড়াবিদ ও সংগঠকরা। বাংলাদেশ দলের পতাকা বহন করেন কমনওয়েলথ গেমসে স্বর্ণ জয়ী শ্যুটার আসিফ হোসেন খান।
বাংলাদেশের মেয়েদের পড়নে ছিলো লাল শাড়ি ও ব্লেজার। ছেলেরা পড়েছিলেন হালকা জলপাই রংয়ের প্যান্ট। শার্টের ওপরে ছিলো জাতীয় পতাকার মনোগ্রামসহ ব্লেজার। নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার ক্রীড়াবিদরাও তাদের জাতীয় পোশাক পড়েই মাঠ প্রদক্ষিণের অংশ নেন।
এরপরই স্বাগত সঙ্গীত পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন, অ্যান্ড্রু কিশোর ও শুভ্র দেব।
খেলোয়াড়রা মাঠ ত্যাগ করার পরই ১৯৮৫ সালের ঢাকা সাফ গেমসের মাস্কট মিশুক (হরিণ), ১৯৯৩ সালের ঢাকায় দ্বিতীয় আসরের মাস্কট দূরন্ত (ব্যাঘ্র শাবক) এবং সবশেষ কুটুম (দোয়েল পাখি) মাঠ প্রদক্ষিণ করে। এরপরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতির সঙ্গে তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করে ছেলে-মেয়েরা। এর মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় জাগ্রত বাংলাদেশকে। দেশের ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি মুক্তিযুদ্ধের সময়কার সেই বিভীষিকাময় ও অগ্নিঝড়া দিনগুলোর কথাও তুলে ধরা হয়।
১৭০ কোটি টাকা ব্যয়ের বিলাশ-বহুল এই গেমস আগের সব আসরকে ছাড়িয়ে গেছে ইভেন্টের দিক দিয়ে। এই প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে ২৩টি ডিসিপ্লি
bdnews24