ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এস এ গেমস উদ্বোধনের সাড়ে তিন ঘণ্টা আগে হোটেলে লিফট দুর্ঘটনায় আহত হয়েছেন নেপালের ছয় খেলোয়াড় ও এক কর্মকর্তা।
শুক্রবার সকাল সাড়ে ১২টার দিকে গুলিস্তানের হোটেল ইম্পেরিয়ালে এ দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওই হোটেলের ব্যবস্থাপক (বিপণন) মো. মাহবুব উল্লাহ।
আহতরা নেপালের জুডো ও ভারোত্তলন দলের সদস্য। তাদের সঙ্গে সঙ্গে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন- জুডো খেলোয়াড় রাধা দেবী রায়, দেবু থাপা, কুলু মান তামাং ও রমেশ মগার এবং ভারোত্তলক জ্ঞান বাহাদুর শ্রেষ্ঠা ও গোপাল শ্রেষ্ঠা। কর্মকর্তা হলেন নেপালের স্পোর্টস কাউন্সিলের সদস্য ডেম বাসনেট।
নারী জুডো খেলোয়াড় কুলু মান পায়ে আঘাত পেয়েছেন। তিনিসহ সবাইকে স্কয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক অলি উল্লাহ।
এদিকে স্কয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক জন গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিক পরীক্ষায় আহতদের গুরুতর আঘাত পাওয়ার কোনো আলামত ধরা পড়েনি। তবে আরো পরীক্ষা-নিরীক্ষা চলছে।"
মাহবুব উল্লাহ দাবি করেন, ১৩ জনের ভারবহন ক্ষমতাসম্পন্ন লিফটটিতে ২১ জন যাত্রী উঠায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি একইসঙ্গে বলেন, "তার ছিড়ে নয়, অতিরিক্ত ভারের কারণে লিফটটি বিকল হয়ে নিচে পড়ে।"
তবে নেপালি খেলোয়াড়দের সঙ্গে গাইড হিসেবে থাকা স্কাউটস সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪ জন যাত্রী ওঠার পরই লিফটটি নিচে পড়ে যায়।
একাদশ সাউথ এশিয়ান (এস এ) গেমসে অংশ নিতে নেপালের খেলোয়াড়রা ঢাকা আসেন। বিকাল ৪টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে গেমস উদ্বোধন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএইচএস/এলএইচ/এমআই/১৪১২ ঘ.
bdnews24