২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো পয়েন্ট তালিকার শীর্ষে চেলসি

বার্মিংহাম সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আবারো পয়েন্ট তালিকার সব দলের উপড়ে উঠে গেছে চেলসি। শীর্ষে ওঠার সুযোগ ছিল আর্সেনালেরও। কিন্তু উঠতে তো পারেনি, অ্যাস্টনভিলার সঙ্গে ড্র করে উল্টো নেমে গেছে তৃতীয় স্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 05:47 PM

Updated : 24 Aug 2022, 06:25 PM

লন্ডন, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বার্মিংহাম সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আবারো পয়েন্ট তালিকার সব দলের উপড়ে উঠে গেছে চেলসি। শীর্ষে ওঠার সুযোগ ছিল আর্সেনালেরও। কিন্তু উঠতে তো পারেনি, অ্যাস্টনভিলার সঙ্গে ড্র করে উল্টো নেমে গেছে তৃতীয় স্থানে। স্ট্যাম্পফোর্ড ব্রিজে চেলসির চোখ ধাঁধানো ও পরিকল্পিত খেলার মুখে রীতিমতো অসহায় মনে হচ্ছিল বার্মিংহামকে। খেলার ৫ মিনিটেই ফ্লরেন্ট মালুদার হেডে এগিয়ে যায় চেলসি। জো কোলের কাছ থেকে বল পেয়ে মাথা দিয়ে বার্মিংহামের জালে বল পাঠাতে কোনো অসুবিধা হয়নি তার। প্রথমার্ধেই আরো এক গোলে এগিয়ে যায় চেলসি। বল পেয়েই নিজের নিয়ন্ত্রণে নেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তারপরই তীব্র শট। প্রায় মাটি কামড়ে বার্মিহামের জালে জড়িয়ে যায় বল। খেলা শেষ হওয়ার আগে আগে একই ধরনের শটে আরেকটি গোল করেন তিনি। দিনের আরেক খেলায় অ্যাস্টনভিলাকে হারাতে পারলেই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যেতো আর্সেনাল। কিন্তু অমীমাংসিতভাবে শেষ হয় খেলা। কোনো দলই গোল করতে পারেনি। ফলে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে যায় গানার্সরা। বার্মিংহাম সিটির বিপক্ষে জেতায় আবারো পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে চেলসি। ২২ খেলায় তাদের পয়েন্ট ৫১। ২৩ খেলায় ৪৯ পয়েন্ট আর্সেনালের। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যান্য ম্যাচে এভারটন ২-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। এছাড়া উইগ্যান অ্যাথলেটিকের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ব্ল্যাকবার্ন রোভার্স। এদিকে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগ কাপ ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফাইনালে তারা মোকাবিলা করবে অ্যাস্টনভিলাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩৪৪ ঘ.