ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে পর্দা উঠতে যাচ্ছে একাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমসের উদ্বোধন করবেন।
প্রায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান বিগত সব আসরকে ছাড়িয়ে যাবে বলে আশা করছেন আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তারা। বৃহস্পতিবার গেমস-পূর্ব এক সংবাদ সম্মেলনে বিওএ মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ বলেন, "বেইজিং অলিম্পক বা কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মতো না হলেও দক্ষিণ এশিয়ার সেরা অনুষ্ঠান হবে শুক্রবার।"
উদ্বোধনী অনুষ্ঠানের খরচের পুরো টাকাই পাওয়া গেছে কয়েকটি স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে। তিনি বলেন, "অনেক সীমাবদ্ধতার মধ্যেও একাদশ এসএ গেমস সফল করার সব প্রস্তুতি এখন সম্পন্ন। এর সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক উদ্যোগের কারণে।"
আট দেশের মোট ১ হাজার ৭৯৩ ক্রীড়াবিদ গেমসে অংশ নিচ্ছেন বলে জানান বিওএ মহাসচিব। বিভিন্ন দেশের ৭১৮ কর্মকর্তাও যোগ দিচ্ছেন গেমসে। ২৩টি ডিসিপ্লিনের ১৫৮টি স্বর্ণের জন্য লড়াইয়ে নামবেন আট দেশের খেলোয়াড়রা।
১৭০ কোটি টাকা ব্যয়ের বিলাশ-বহুল এই গেমস আগের সব আসরকে ছাড়িয়ে যাবে ইভেন্টের দিক থেকেও। এই প্রথম ২৩টি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত করা হয়েছে উপমহাদেশের অলিম্পিক খ্যাত এসএ গেমসে। প্রস্তুতির দিক দিয়েও রেকর্ড গড়ে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ। টানা এক বছরেরও বেশি সময় ধরে অনুশীলন করেছেন ক্রীড়াবিদরা। সেই সঙ্গে মান যাচাইয়ের জন্য বিভিন্ন আন্তর্জাতিক গেমসেও অংশ নিয়েছেন খেলোয়াড়রা। সে কারণেই পদক জেতার দিক দিয়েও বাংলাদেশ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলেই মনে করছেন আয়োজক কমিটির কর্মকর্তারা।
গেমস সফল করতে ক্রীড়াবিদ, সংগঠক, কর্মকর্তা ও দেশের জনগণের প্রতি সর্বাত্মক সহযোগিতা দেয়ার আহবান জানিয়েছেন বিওএ মহাসচিব। বলেন, "গোমসের আয়োজক বিওএ নয়, বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে হচ্ছে খেলা। তাই গেমস সফল করতে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। বিদেশি অতিথিদের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে দেশের সম্মানের কথা ভেবে।"
এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে হচ্ছে এসএ গেমস। এর আগে ১৯৮৫ (দ্বিতীয় আসর) এবং ১৯৯৩ (ষষ্ঠ আসর) সালে সাফল্যের সঙ্গে দু'টি গেমস আয়োজন করেছিল বাংলাদেশ।
ঢাকার বাইরে আরো চারটি ভেন্যু রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রামে হবে এসএ গেমসের খেলা। ঢাকার বাইরের ভেন্যুতেও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছেন স্থানীয় সংগঠকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৪৪ ঘ.
bdnews24