২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাল সিটিকে উড়িয়ে দিলেন রুনি, জয় পেয়েছে বার্সা

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমনভাগের খেলোয়াড় ওয়েন রুনি একাই ৪ গোল করে উড়িয়ে দিয়েছেন হাল সিটিকে। লা লিগায় ভ্যালাদোলিদের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। ইতালিয়ান সিরি আ'তে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে এএস রোমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 12:12 PM

Updated : 24 Aug 2022, 06:21 PM

লন্ডন, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমনভাগের খেলোয়াড় ওয়েন রুনি একাই ৪ গোল করে উড়িয়ে দিয়েছেন হাল সিটিকে। লা লিগায় ভ্যালাদোলিদের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। ইতালিয়ান সিরি আ'তে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে এএস রোমা। ইংলিশ লিগে শনিবার খেলার প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে ছিলো হাল সিটি। ৮ মিনিটে পল স্কোলেসের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত শটে গোল করেন রুনি। প্রথমার্ধ শুধু নয়, ৮১ মিনিট পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি ম্যান ইউ। প্রথম থেকেই রুনির ওপর কড়া নজর রাখছিলেন হাল সিটির খেলোয়াড়রা। কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন রুনি। তাই শেষ পর্যন্ত তাকে আটকে রাখতে পারেননি রেলিগেশনের ঝুঁকিতে থাকা হাল সিটির খেলোয়াড়রা। ৮২, ৮৬ ও বাড়তি সময়ের তিন মিনিটে আরো একটি গোল করে উল্লাসে মাতান রেড ডেভিলসদের। এ জয়ের ফলে ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তালিকার শীর্ষে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪৮ পয়েন্ট নিয়ে ঠিক পেছনে রয়েছে আর্সেনাল। অবশ্য এক ম্যাচ কম খেলেছে গানার্সরা। ম্যান ইউয়ের চেয়ে দুই ম্যাচ কম খেললেও চেলসির পয়েন্ট ৪৮। স্পেনের লা লিগায় ভ্যালাদোলিদকে হারিয়ে এখনো অপরাজিত রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ২০ মিনিটে জাভি হার্নান্দেজের গোলে এগিয়ে যায় বার্সা। দুই মিনিট পরই ব্যবধান বাড়ান ড্যানিয়েল আলভেস। প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি বার্সা। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ইব্রাহিমোভিচের কাছ থেকে বল পেয়ে ভ্যালাদোলিদের কফিনে শেষ পেরেকটি ঠোকেন আর্জেন্টিনার খেলোয়াড় লিওনেল মেসি। আক্রমণভাগের এই বর্ষসেরা ফুটবলার ১৫ গোল করে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলদাতা। দিনের অন্য দু'টি ম্যাচে সেভিয়া ১-০ গোলে হারিয়েছে আলমেরিয়াকে। দেপোর্তিভো লা করুনা ৩-১ গোলে জিতেছে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে। ইতালিয়ান সিরি আ'র ম্যাচে জুভেন্টাসকে ২-১ গোলে হারায় এএস রোমা। দলের পক্ষে গোল দু'টি করেন ফ্রান্সেসকো টট্টি ও জন আর্নে রিজ। জুভেন্টাসের পক্ষে একমাত্র গোল করেন আলেসান্দ্র দেল পিয়েরো। ২১ ম্যাচে রোমার পয়েন্ট ৩৮। সমান ম্যাচে জুভেন্টাসের সংগ্রহ ৩৩। আর ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৮০৯ ঘ.