২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোল্টনকে হারিয়ে চেলসিকে টপকে গেল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত বোল্টন ওয়ান্ডারার্সকে ৪-২ গোলে হারিয়ে চেলসিকে পেছনে ফেলে দিয়েছে আর্সেনাল। অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে লিভারপুল হারিয়েছে ২-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 04:35 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

লন্ডন, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত বোল্টন ওয়ান্ডারার্সকে ৪-২ গোলে হারিয়ে চেলসিকে পেছনে ফেলে দিয়েছে আর্সেনাল। অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে লিভারপুল হারিয়েছে ২-০ গোলে। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ৭ মিনিটেই পিছিয়ে পড়ে আর্সেনাল। কেভিন ডেভিস বল ঠেলে দেন আর্সেনালের বক্সে। গ্যারি কাহিলের শট জড়িয়ে যায় জালে। ২৮ মিনিটে পেনাল্টি থেকে বোল্টনের ম্যাথু টেইলর গোল করে ব্যবধান বাড়ান। তবে ৪৩ মিনিটে ফ্রান্সেস ফ্যাব্রিগাসের কাছ থেকে বল পেয়ে টমাস রসিকি এক গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে আর্সেনাল স্রেফ উড়িয়ে দেয় বোল্টনকে। ৫১ মিনিটে আবারো গোল করেন ফ্যাব্রিগাস। সেই সঙ্গে সমতা ফিরে আসে খেলায়। ৬৫ মিনিটে টমাস ভার্মুলেনের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। ৮৫ মিনিটে বোল্টনের কফিনে শেষ পেরেক ঠোকেন আন্দ্রে আরশাভিন। ২২ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৪৮। চেলসিরও ৪৮। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে আর্সেনাল। এদিকে আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে চেলসি। নিজেদের মাঠ অ্যানফিল্ডে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পারকে। দু'টি গোলই করেন আক্রমণভাগের খেলোয়াড় ডার্ক কুট। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা টটেনহ্যামের ঘাড়ে নিশ্বাস ফেলছে অলরেডরা। ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে টটেনহ্যাম। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৩৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২০৮ ঘ.