ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিনটি নতুন মুখ নিয়ে একাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য বুধবার ১৮ সদস্যের চূড়ান্ত হকি দল ঘোষণা করা হয়েছে। অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে মশিউর রহমান বিপ্লবকে।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) ভবনে হকি ফেডারেশন সাধারণ সম্পাদক খোন্দকার জামিলউদ্দিন আহমেদ দল ঘোষণা করে বলেন, তারা জিততে চান ব্রোঞ্জ পদক। তবে ফাইনালে খেলার আশাও করছেন তিনি।
নতুন খেলোয়াড়রা হলেন মশিউর রহমান ফিরোজ, ইরফান হক ও ইমরান হাসান পিন্টু।
এর আগে দক্ষিণ এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের সাফল্য খুব একটা ভালো নয়। ১৯৯৫ সালে তৃতীয় ও ২০০৬ সালে কলম্বোয় চতুর্থ হয়েছিল বাংলাদেশ।
সে সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের কোচ জেরহার্ড পিটার, বাংলাদেশ দলের শেফ দ্য মিশন মিজানুর রহমান মানু, নির্বাচক কমিটির প্রধান মামুনুর রশিদ ও ম্যানেজার আনভীর আদিল।
দল: কামরুজ্জামান, আসাদুজ্জামান চন্দন, মো. আশিকুজ্জামান আশিক, মশিউর রহমান বিপ্লব (অধিনায়ক), মামুনুর রহমান চয়ন, ইরফান হক, রাসেল মাহমুদ জিমি, আব্দুস সাজ্জাদ জন, মেহরাব হোসেন কিরন, শেখ মো. নান্নু, মো. জাহিদুল ইসলাম, মশিউর রহমান ফিরোজ, গোলাম মোস্তফা, মো. মোশারফ হোসেন কুটি, ইমরান হাসান পিন্টু, পুস্কর খিসা, তাপষ বর্মণ ও জাহিদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২৩০৩ ঘ.
bdnews24