লন্ডন, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লিং কাপের দুই পর্বের সেমিফাইনালের প্রথমটিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। কার্লোস তেভেজের জোড়া গোলে মঙ্গলবার রাতে ম্যান ইউকে ২-১ গোলে হারায় নতুন শক্তি ম্যান সিটি।
নিজেদের মাঠ ইস্টল্যান্ডে প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। তারপরও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অসাধারণ এক জয় তুলে নেয় তারা। আর এই জয়ের নায়ক ম্যান ইউয়েরই সাবেক তারকা আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় কার্লোস তেভেজ। ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান। ৬৫ মিনিটে আবারো প্রতিপক্ষের জালে বল জড়িয়ে নিশ্চিত করেন জয়।
এর আগে রায়ান গিগসের গোলে এগিয়ে যায় স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যান ইউ। ১৭ মিনিটে ওয়েন রুনির কাছ থেকে বল পেয়ে গিগস সেটিকে পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে।
এ নিয়ে টানা দুই ম্যাচে হার মানতে হলো ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার বার্নলের কাছে ৩-০ গোলে হারে রেড ডেভিলসরা।
নগর-প্রতিদ্বন্দ্বী ম্যান সিটি ও ম্যান ইউ-এর মধ্যে দ্বিতীয় সেফিফাইনালটি হবে বুধবার। দুই ম্যাচে মোট গোলে যে দল এগিয়ে এগিয়ে থাকবে, সেই দলই কার্লিং কাপের ফাইনালে খেলবে। ব্ল্যাকবার্ন রোভার্স ও অ্যাস্টন ভিলার মধ্যে বিজয়ী দলই ম্যান ইউ কিংবা ম্যান সিটিকে মোকাবিলা করবে শিরোপার লড়াইয়ে। তবে অপর সেমিফাইনালের প্রথমটিতে ১-০ গোলে ব্ল্যাকবার্নকে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে আছে অ্যাস্টন ভিলা।
ম্যান সিটি-ম্যান ইউ লড়াইয়ের মধ্যে আরেকটি লড়াই হয়েছে কার্লোস তেভেজ ও ফার্গুসনের মধ্যে। সাবেক কোচ ও খেলোয়াড়ের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতে গেলেন কার্লোস তেভেজ।
টানা কয়েক মৌসুম ধরে ম্যান ইউ-এ খেলে আসছিলেন তেভেজ। কিন্তু চাপে পড়ে পাড়ি জমাতে বাধ্য হন শেখ মনসুরের দল ম্যান সিটিতে। ফার্গুসনের বিরুপ আচরণের জন্যই তেভেজ ম্যান ইউ-এর নগর প্রতিদ্বন্দ্বীর জার্সি গায়ে দেন বলে গুঞ্জন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯৩৬ ঘ.
bdnews24