ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশের যা কিছু বড় অর্জন তার বেশির ভাগই এসেছে সাঁতার থেকে। তাই ঘরের মাঠে সাঁতারুদের প্রত্যাশা একটু বেশিই। পুরুষ বিভাগে ৩ স্বর্ণ, ৯ রৌপ্য ও ৬ ব্রোঞ্জ জিততে চান তারা। মেয়েদের বিভাগে জিততে চান ১ স্বর্ণ, ১ রৌপ্য ও ৫ ব্রোঞ্জ। তবে কখনোই জুডোতে স্বর্ণ জেতেনি বাংলাদেশ। এবার সেই বৃত্ত থেকে বেরিয়ে এসে দু'টি স্বর্ণ জেতার আশা করছে জুডো দল।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)-এ সোমবার সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন দক্ষিণ এশিয়ার অলিম্পিক হিসেবে পরিচিত এসএ গেমসের জন্য পুরুষ ও মেয়েদের সাঁতার দলের নাম ঘোষণা করতে গিয়ে সাতারুদের এই প্রত্যাশার কথা জানান। পুরুষদের ১৪ ও মেয়েদের ৭ সদস্যের দলও ঘোষণা করেন তিনি।
এবার সাঁতারে পুরুষদের ইভেন্ট রয়েছে ১২টি। মেয়েদের ৭টি।
এর আগে জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির 'মিট দ্য টিম' অনুষ্ঠানে পুরুষ ও মেয়ে, উভয় বিভাগের জন্য ৯ সদস্যের দল ঘোষণা করেন।
সাঁতার: পুরুষ দল-শাহজাহান আলী রনি, কামাল হোসেন, মো. হাসানুল করিম, রফিকুল ইসলাম, রুবেল রানা, জুয়েল আহমেদ, মো. নজরুল ইসলাম, কারার সামেদুল ইসলাম, শরিফুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, জুয়েল আহমেদ (ছোট), রবিউল আলম সুমন, মাহফিজুর রহমান ও অনিক ইসলাম।
মেয়েদের দল-ডলি আক্তার, সবুরা খাতুন, লাবনী আক্তার চামেলী, মুসলিমা খাতুন, মাহফুজা আক্তার, সোনিয়া আক্তার ও নাজমা খাতুন।
জুডো দল: মো. আবু বক্কর সিদ্দিক, মিল্টন মজুমদার, মো. হাবিবুর রহমান, সুশিল চন্দ্র মোহন্ত, মো. নূরুল ইসলাম, মো. তরিকুল ইসলাম ও মো. মামুর রশিদ। মেয়েদের দলে রয়েছেন শেলী আহমেদ ও ফারহানা হালিম নাইস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১২৩ ঘ.
bdnews24