ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন একাদশ দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের জন্য ১৭ কোটি টাকার স্পন্সর পেয়েছে আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
প্রধান স্পন্সর (গোল্ড) হয়েছে চারটি প্রতিষ্ঠান অগ্রণী, জনতা, সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশন। গোল্ড স্পন্সর হিসেবে প্রত্যেক প্রতিষ্ঠানের কাছ থেকে তিন কোটি করে টাকা পাবে বিওএ। দ্বিতীয় পর্যায়ে (সিলভার) অংশীদার হয়েছে মাত্র একটি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। তাদের কাছ থেকে দুই কোটি টাকা পাওয়া যাবে। অন্যদিকে জীবন বীমা কর্পোরেশন, বেসিক ব্যাংক ও রূপালী বাংক হয়েছে গেমসের কো-স্পন্সর। এদের প্রত্যেকেই এক কোটি করে টাকা দেবে বিওএকে।
গেমস আয়োজনে ১৭০ কোটিরও বেশি টাকা ব্যায় হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন একাদশ এসএ গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর মধ্যে সরকারি তহবিল থেকে পাওয়া যাচ্ছে ১২২ কোটি টাকা। প্রয়োজনীয় বাকি টাকাও স্পন্সর থেকে সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০১৫ ঘ.
bdnews24