ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগের বড় দল লিভারপুলকে এফএ কাপ থেকে বিদায় করে দিয়েছে রিডিং। চরম নাটকীয়তায় ভরা ম্যাচের প্রথমার্ধে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ জয় তুলে নেয় দ্বিতীয় বিভাগের দলটি।
লিভারপুলের নিজেদের মাঠ অ্যানফিল্ডে বুধবার দ্বিতীয় বিভাগ ফুটবল চ্যাম্পিয়নশিপে নড়বড়ে অবস্থানে থাকা রিডিংকে অসাধারণ জয় উপহার দেন গিলফি সিগার্ডসন ও শেন লং। ৯০ মিনিটেও লিভারপুলের বিপক্ষে এক গোলে পিছিয়ে ছিল রিডিং। কিন্তু অতিরিক্ত সময়েই খেলার চিত্র পাল্টে দেয় রিডিং। ইনজুরি টাইমের তিন মিনিটের মাথায় বদলি খেলোয়াড় শেন লংয়ের কাছ থেকে বল পেয়ে সিগার্ডসনের গোলে সমতায় ফেরে রিডিং। ১-১ গোলে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
ত্রিশ মিনিটের অতিরিক্ত সময়ের ১০ মিনিটে গানারসনের কাছ থেকে বল পেয়ে লিভারপুলের জালে জড়িয়ে দেন শেন লং। লিভারপুলের মাঠে এই প্রথম জয় পেল রিডিং।
এর আগে প্রথমার্ধের শেষ মুহূর্তে লিভারপুলের স্টিভেন জেরার্ডের আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন রিডিংয়ের রক্ষণভাগের ফুটবলার রায়ান বার্ট্রান্ড।
জানুয়ারির প্রথম সপ্তাহে তৃতীয় রাউন্ডের ম্যাচে লিডস ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরে এফএ কাপ থেকে বিদায় নেয় প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৮৪০ ঘ.
bdnews24