২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানসিটিকে সেরা চারে পৌঁছে দিলেন তেভেজ

কার্লোস তেভেজের চমৎকার নৈপূণ্যে ব্লাকবার্ন রোভার্সকে হারিয়ে প্রিমিয়ার লিগের সেরা চারে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। সোমবার রাতে দুর্দান্ত ফর্মে থাকা দলের আর্জেন্টাইন স্ট্রাইকার তেভেজের হ্যাটট্রিক গোলের সুবাদে ব্লাকবার্নকে ৪-১ গোলে বিধবস্ত করে ম্যানসিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 11:08 AM

Updated : 24 Aug 2022, 06:08 PM

লন্ডন, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) কার্লোস তেভেজের চমৎকার নৈপূণ্যে ব্লাকবার্ন রোভার্সকে হারিয়ে প্রিমিয়ার লিগের সেরা চারে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। সোমবার রাতে দুর্দান্ত ফর্মে থাকা দলের আর্জেন্টাইন স্ট্রাইকার তেভেজের হ্যাটট্রিক গোলের সুবাদে ব্লাকবার্নকে ৪-১ গোলে বিধবস্ত করে ম্যানসিটি। ফলে দায়িত্ব নিয়েই টানা চতুর্থ জয় তুলে নিলেন ম্যানসিটির নতুন কোচ রবার্তো মানচিনি। ঘরের মাঠ ম্যানচেস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই ব্লাকবার্নকে চেপে ধরে মানচিনির দল। প্রথমার্ধের সাত মিনিটেই বেঞ্জানি মোয়ারুওয়ারি'র বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্লাকবার্নের গোল বক্স সীমানায় থাকা তেভেজ। ৩৯ মিনিটে মিকাহ রিচার্ডসের গোলে ব্যাবধান আরো বাড়িয়ে নেয় ম্যানসিটি। দ্বিতীয় গোলটিও আসে বেঞ্জানির বাড়িয়ে দেয়া বল থেকেই। ২-০ তে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে সিটিজেনরা । দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো গর্জে ওঠেন তেভেজ। ৪৯ মিনিটে বেঞ্জানির পাস থেকে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন এ আর্জেন্টাইন। তবে ৭১ মিনিটে আচমকা একটি গোল হজম করতে হয় ম্যানসিটিকে। মর্টেন গ্যামস্ট পেডারসেন ব্লাকবার্নের পক্ষে একটি গোল শোধ করেন। সিটিজেনদের ৪র্থ গোলটি আসে ম্যাচের অন্তিম মুহূর্তে। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই রবিনহোর বাড়িয়ে দেওয়া বল থেকে নিজের হ্যাটট্রিক গোল পূর্ণ করেন তেভেজ। এ হ্যাটট্রিকের সুবাদে চলতি আসরে ১২ গোল করে শীর্ষ গোলদাতাদের কাতারে উঠে গেলেন ম্যানসিটির এ আর্জেন্টাইন তারকা। লিগে ১৪ গোল করে যুগ্নভাবে শীর্ষে রয়েছেন ডিফো, দ্রগবা ও রুনিরা। সোমবারের জয়ে ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টটেনহ্যামকে হটিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থস্থানে জায়গা করে নেয় শেখ মানসুরের দল। সমসংখ্যাক ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে সিটির ঠিক ওপরেই রয়েছে আর্সেনাল। ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে চেলসি। ব্লুজদের চেয়ে একম্যাচ বেশী খেলে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। বিডিনিউজ টোয়েন্টিফর ডটকম/এএইচএস