কাবিন্দা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোগো ফুটবল দলের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২জন বিচ্ছিন্নতাবাদিকে গ্রেফতার করেছে অ্যাঙ্গোলা পুলিশ। দেশটির প্রত্যন্ত কাবিন্দা অঞ্চলে টোগো ফুটবল দলের ওপর সে হামলায় ৩ জন নিহত ও ৮ জন আহত হয়।
কাবিন্দা রাজ্যের কৌসুলি অ্যান্টোনিও নিতো এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছেন, হামলায় জড়িত থাকার সন্দেহে ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব দ্য এনক্লেভ অব কাবিন্দা ফোর্সেস বা এফএলইসি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের দুই অজ্ঞাতনামা সদস্যকে রোববার গ্রেফতার করা হয়েছে। ফুটবলারদের ওপর হামলার ঘটনাস্থলের কাছাকাছি থেকেই তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান অ্যান্টোনিও।
ইতিমধ্যেই অ্যাঙ্গোলা ত্যাগ করে স্বদেশে পৌঁছেছে টোগো দল। সরকারের নির্দেশ পেয়ে আফ্রিকান নেশন্স কাপে অংশ না নিয়েই দেশে ফিরে যান ফুটবলাররা। শুক্রবার তাদের ওপর হামলার ঘটনায় শোকের মাতম চলছে টোগোজুড়ে। তিন দিনের জাতীয় শোক পালন করছে টোগোবাসী।
এদিকে ভুল করে টোগো ফুটবল দলের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন ফ্রান্সে নির্বাসিত এক এফএলইসি নেতা। ঐ নেতার মতে, তাদের যোদ্ধাদের হামলার মূল লক্ষ্য ছিল টোগো ফুটবলারদের প্রহরায় নিয়োজিত থাকা অ্যাঙ্গোলার সৈন্যরা। ফ্রান্সের ইনফো রেডিও'র কাছে রড্রিগেজ মিনগাজ নামে পরিচয় দেয়া ঐ ব্যক্তি নিজেকে হামলাকারীদের নেতা দাবি করে বলেন, 'যুদ্ধে, যে কোনো কিছুই ঘটতে পারে। এটা শুরু মাত্র।'
তবে এফএলইসির সাবেক যোদ্ধাদের একটি সংগঠন, যারা অঞ্চলটিতে শান্তি পুনঃপ্রতিষ্ঠায় ২০০৬ থেকেই অ্যাঙ্গোলা সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে, তাদের ধারণা, শুক্রবারের সে হামলার ঘটনা সম্ভবত তাদের সংগঠনেরই ভিন্নমতাবলম্বীদের কাজ।
কাবিন্দা ফোরাম ফর ডায়ালগ নামের সে সংগঠনের সমন্বয়কারী আন্দ্রে পুয়াঙ্গো মনে করছেন, সশস্ত্র সন্ত্রাসীর সে হামলার উদ্দেশ্য হচ্ছে- সরকারের সঙ্গে চলমান শান্তি প্রক্রিয়াকে বানচাল করা। এটাকে অন্তর্ঘাতমূলক কাজ হিসেবেই বিবেচনা করছেন পুয়াঙ্গো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২১৩৫ ঘ.
bdnews24