লন্ডন, জানুয়ারি ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবারের দুটি ম্যাচই ড্র হয়েছে। আর্সেনাল ও এভারটনের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। দিনের অপর ম্যাচে বার্মিংহামের আত্মঘাতি গোলে বেঁচে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বার্মিংহামের সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যানইউ।
ইতালির সিরি আ'তে জয় পেয়েছে ইন্টারমিলান ও এএস রোমা। ইন্টার হাড্ডাহাড্ডি লড়াই শেষে ওয়াল্টার স্যামুয়েলের দেয়া শেষ মুহুর্তের গোলে ৪-৩ গোলে হারিয়েছে সিয়েনাকে। এ জয়ের ফলে ৪৫ পয়েন্ট নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দিনের অপর ম্যাচে ড্যানিয়েল ডি রসির করা গোলে চিয়েভো ভেরোনাকে ১-০ ব্যবধানে হারায় এএস রোমা।
স্পেনের লা লিগার আসরে শনিবারের ম্যাচে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রেসিং সান্তান্দার। অ্যাটলেটিকোর কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় ভ্যালাদোলিদ। তবে অঘটন ঘটিয়েছে রেসিং সান্তান্দার। নিচু সারির সান্তান্দার পয়েন্ট তালিকায় ওপরের সারিতে থাকা সেভিলাকে ২-১ গোলে হারিয়ে চমক দেখায়। দিনের অপর ম্যাচে ভিলারিয়েল ১-১ গোলে আলমেরিয়ার সঙ্গে ড্র করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস
bdnews24