২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান, আবাহনী ও শেখ রাসেলের জয়

সিটিসেল বাংলাদেশ লিগে শনিবারের খেলায় কোনো অঘটন ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 02:01 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) সিটিসেল বাংলাদেশ লিগে শনিবারের খেলায় কোনো অঘটন ঘটেনি। পয়েন্ট তালিকার ওপরের দিকের তিন দল ঢাকা মোহামেডান, ঢাকা আবাহনী ও শেখ রাসেল নিজ নিজ ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে। ঢাকা মোহামেডান ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়। একই ব্যবধানে ঢাকা আবাহনী চট্টগ্রাম মোহামেডানকে এবং শেখ রাসেল ৩-০ গোলে হারায় বিয়ানীবাজারকে। রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে মোহামেডান। প্রথমার্ধের ৩৬ মিনিটে মোহাম্মদ নাসির ও ৩৮ মিনিটে নাসিরউদ্দিনের পরপর দুই গোলে এগিয়ে যায় পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে থাকা দলটি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে ঢাকা আবাহনী মুখোমুখি হয় স্বাগতিক চট্টগ্রাম মোহামেডানের। ম্যাচের দুই অর্ধে একটি করে গোল আদায় করে ঢাকা আবাহনী লিমিটেড। আফ্রিকান স্ট্রাইকার শেরীফ দীন মোহাম্মদ ২৬ ও ৭৩ মিনিটে গোল করে সহজ জয় এনে দেন দলকে। ওদিকে সিলেট স্টেডিয়ামে মরক্কোর স্ট্রাইকার সামির ওমারির ২৫ ও ৪৮ মিনিটে করা গোলই জয় মোটামুটি নিশ্চিত করে দিয়েছিল শেখ রাসেলের। তারপরও ৮১ মিনিটে বিয়ানীবাজারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মোহাম্মদ ইউসুফ। এই নিয়ে মোট ৮ ম্যাচের প্রতিটিতে জিতে ২৪ পয়েন্ট করে পেয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে আছে ঢাকা আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান। সমান ম্যাচে শেখ রাসেলের সংগ্রহ ২২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/১৯৫৬ ঘ.