২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের দাপুটে জয়, ব্রাদার্সকে লজ্জা দিলো বিয়ানিবাজার

সিটিসেল বাংলাদেশ লিগের সপ্তম রাউন্ডে শেখ রাসেল ৪-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 05:34 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগের সপ্তম রাউন্ডে শেখ রাসেল ৪-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে। দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে লিগে প্রথম হারের তিক্ত স্বাদ দিয়েছে বিয়ানিবাজার এসসি। ২-১ গোলে হেরেছে ব্রাদার্স। শেখ রাসেলের পক্ষে হ্যাটট্রিক করেছেন মরক্কোর স্ট্রাইকার সামির ওমারি। কমলাপুর স্টেডিয়ামে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে প্রথমার্ধে প্রাধান্য বিস্তার করলেও কোনো গোল পায়নি শেখ রাসেল। তবে দ্বিতীয়ার্ধে যেন তীব্র গোলক্ষুধা পেয়ে বসে পয়েন্ট তালিকার তৃতীয়স্থানে থাকা দলটিকে। ৫৪ মিনিটে ইউসুফের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় ঢাকার দলটি। কিন্তু ২ মিনিট পরেই আচমকা আক্রমনে চট্টগ্রাম মোহাডেমানের পক্ষে গোল পরিশোধ করেন রিপন। ম্যাচের বাকি সময়টুকু শেখ রাসেলের। আরো ভালোভাবে বললে ওমারির। ৬৬ মিনিটে প্রথম, ৭৫ মিনিটে দ্বিতীয় ও ৮২ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং সেই সঙ্গে দলকেও বড় জয় এনে দেন তিনি। সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সফরকারি ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সমান তালেই লড়েঝে লিগের নিচু সারির দল বিয়ানীবাজার এসসি। ১২ মিনিটেই পাপ্পুর গোলে এগিয়ে যায় বিয়ানিবাজার। দ্বিতীয়ার্ধের শুরুতে কন্টে গুইনেন্নের গোলে (৪৮মিনিট) ব্যবধান ২-০ তে বাড়িয়ে নেয় তারা। তবে ৫৭ মিনিটে ব্রাদার্সের পক্ষে একটি গোল পরিশোধ করেন ইনোক বেন্টিল। এরপর ম্যাচে সমতা ফেরানোর জন্য অনেক মরিয়া হয়ে ওঠে তারা। কিন্তু ৮২ মিনিটে লালকার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় স্টিভেন ওয়েস্টকে, সেই সঙ্গে পরাজয়ও নিশ্চিত হয়ে যায় তাদের। সাত ম্যাচে শেখ রাসেলের সংগ্রহ ১৯ পয়েন্ট, সমান ম্যাচে চট্টগ্রাম মোহামেডানের সঞ্চয় ৬ পয়েন্ট ও ব্রাদার্সের পূঁজি ১০ পয়েন্ট। অন্যদিকে, প্রথম জয় পাওয়ায় ৬ ম্যাচ শেষে বিয়ানিবাজারের পয়েন্টও দাঁড়িয়েছে ৬। বিডিনিউজ নিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২৩২১ ঘ.