ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) সিটিসেল বাংলাদেশ লিগে জয়ের ধারা বজায় রেখেছে ঢাকা মোহামেডান। সপ্তম রাউন্ডে সোমবার ফরাশগঞ্জকে ১-০ গোলে হারিয়েছে তারা। মোহামেডানের পক্ষে জয়সূচক গোলটি করেন এমিলি।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পুরো ম্যাচে প্রাধান্য বিস্তার করলেও প্রথমার্ধে গোল হতে দেয়নি ফরাশগঞ্জ স্পোর্র্র্টিং। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই এমিলির গোলে এগিয়ে যায় ঐতিত্যবাহী দলটি।
এ জয়ের ফলে বর্তমান চ্যাম্পিয়ন ও চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সঙ্গে যুগ্মভাবে শীর্ষস্থানে রয়ে গেল মোহামেডান। ৭ ম্যাচের সবগুলো জেতায় দু'দলেরই সংগ্রহে এখন ২১ পয়েন্ট। সমান ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিংয়ের পয়েন্ট মাত্র ৬।
বুধবার একই ভেন্যুতে লড়বে শেখ রাসেল ও চট্টগ্রাম মোহামেডান। সিলেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে বিয়ানিবাজারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২০১৮ ঘ.
bdnews24