লন্ডন, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) লিডস ইউনাইটেডের কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় রাউন্ডে লিডস ১-০ গোলে হারিয়েছে 'রেড ডেভিল'দের। এ হারের ফলে ২৬ বছরে এই প্রথম এফএ কাপের তৃতীয় রাউন্ডেই বিদায় নিলো ১১ বারের শিরোপাজয়ীরা।
তবে দিনের অন্য ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। গোলে ওয়াটফোর্ডকে ০-৫ গোলে বিধ্বস্ত করেছে তারা। জয় পেয়েছে আরেক বড় দল আর্সেনালও। তারা ২-১ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে।
ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধেই গোল পেয়ে যায় লিডস। স্ট্রাইকার জার্মেইন ব্যাকফোর্ড জনি হাওসনের লম্বা পাস থেকে বল পেয়ে দুর্দান্ত এক গোল করে হতভম্ব করে দেন রেড ডেভিলদের। মৌসুমে এটি ব্যাকফোর্ডের ২০তম গোল। ম্যাচের বাকি সময়ে গোল পরিশোধের অসংখ্য সুযোগ নষ্ট করে ম্যানইউ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/১৯৪৭ ঘ.
bdnews24