ঢাকা, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না ঘরোয়া ফুটবলের একসময়ের দাপুটে দল মুক্তিযোদ্ধা সংসদ। সিটিসেল বাংলাদেশ লিগে শুক্রবার ফেনী সকার ক্লাবের কাছে হেরে রেলিগেশনের আশংকায় পড়েছে তারা। মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারিয়ে লিগে দ্বিতীয় জয় তুলে নিয়েছে ফেনী সকার ক্লাব। ফেনীর দলটির পক্ষে দুটি গোলই করেন স্ট্রাইকার আশরাফুল কাদের মঞ্জু।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে গোল করে এগিয়ে গিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ। শাহাজ উদ্দিন টিপু ১২ মিনিটেই গোল করে লিগে দলের প্রথম জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন।
কিন্তু দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটেই মঞ্জুর গোলে সমতায় ফেরায় সকার ক্লাব। প্রথম গোলের ১৩ মিনিট পর নিজের ও দলের দ্বিতীয় গোল করে দলের জয়ও নিশ্চিত করে দেন মঞ্জু। ম্যাচের বাকি সময়ে গোল পরিশোধ করতে না পারায় টানা পঞ্চম হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় মুক্তিযোদ্ধা সংসদকে।
লিগে দ্বিতীয় জয় পাওয়ায় চট্টগ্রাম মোহামেডান ও ফরাশগঞ্জকে পেছনে ফেলে পয়েন্ট তালিকায় শীর্ষ ৫-এ উঠে গেছে ফেনী সকার। ৫ ম্যাচে তাদের এখন ৭ পয়েন্ট। সমান ম্যাচে এখনো কোনো পয়েন্ট পায়নি মুক্তিযোদ্ধা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/১৯৫৮ ঘ.
bdnews24