ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাদশ দক্ষিণ এশিয়ান গেমস (এসএ) আয়োজনের বাজেট ধরা হয়েছে ৫৩ কোটি টাকা। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে এসএ গেমস আয়োজন বিষয়ক স্টিয়ারিং উপ-কমিটির সভায় এই বাজেট চূড়ান্ত করা হয়। শিগগিরই বাজেট অনুমোদনের জন্য গেমস আয়োজন সাংগঠনিক কমিটির প্রধান, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে সুপারিশ করা হবে বলে জানায় উপকমিটি।
এছাড়াও সভায় শ্যুটিং ও সুইমিং ফেডারেশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জরুরি ভিত্তিতে শ্যুটিং রেঞ্জের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার সভায় সভাপতিত্ব করেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)'র সভাপতি সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন ও বিওএ মহাসচিব কুতুবউদ্দিন আহমেদও সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৫৭ ঘ.
bdnews24