২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ লড়াইয়ে নামতে দেশে ফিরেছেন ম্যারাডোনা

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং তারপর প্যারাগুয়ের কাছেও হেরে বসায় তাঁর দল এখন ২০১০ বিশ্বকাপ বাছাই পর্ব থেকেই বাদ পড়ার আশঙ্কার মুখে। ডিয়েগো ম্যারাডোনার তাই একটাই ভাবনা -- যে করেই হোক আর্জেন্টিনাকে বিশ্বকাপ মূলপর্বে তোলা। সেই চ্যালেঞ্জে নামার আগে 'আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর' চলে গিয়েছিলেন ইতালিতে। ১১ দিন সেখানে থেকে নিজের শরীরের মেদ কিছুটা ঝরিয়ে অবশেষে দেশে ফিরেছেন ম্যারাডোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

বুয়েন্সআইরেস, সেপ্টেম্বর ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং তারপর প্যারাগুয়ের কাছেও হেরে বসায় তাঁর দল এখন ২০১০ বিশ্বকাপ বাছাই পর্ব থেকেই বাদ পড়ার আশঙ্কার মুখে। ডিয়েগো ম্যারাডোনার তাই একটাই ভাবনা -- যে করেই হোক আর্জেন্টিনাকে বিশ্বকাপ মূলপর্বে তোলা। সেই চ্যালেঞ্জে নামার আগে 'আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর' চলে গিয়েছিলেন ইতালিতে। ১১ দিন সেখানে থেকে নিজের শরীরের মেদ কিছুটা ঝরিয়ে অবশেষে দেশে ফিরেছেন ম্যারাডোনা। ব্রাজিলের কাছে ৩-২ এবং প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হারায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট তালিকায় আর্জেন্টিনা এখন পঞ্চম স্থানে। ১৬ ম্যাচ শেষে তাদের ঝুলিতে মাত্র ২২ পয়েন্ট। সমান ম্যাচে ১১ পয়েন্ট বেশি নিয়ে ইতোমধ্যে এ অঞ্চলের প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে ব্রাজিল। ৩০ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে এবং ২৭ পয়েন্ট নিয়ে চিলিও বেশ নিশ্চিন্ত। চতুর্থ স্থানে আছে ইকুয়েডর, তাদের পয়েন্ট ২৩। তবে আর্জেন্টিনার পরবর্তি দুই প্রতিপক্ষ পেরু এবং উরুগুয়ে। দেশের মাটিতে, রিভারপ্লেটের মনুমেন্টাল স্টেডিয়ামে পেরুর সঙ্গে ম্যাচটি হবে আগামী ১০ অক্টোবর। চারদিন পর মন্টেভিডিওতে খেলতে হবে উরুগুয়ের বিপক্ষে। বলাই বাহুল্য, ম্যাচ দুটি আর্জেন্টিনার জন্য একেবারে বাঁচা মরার লড়াই। দুটোতেই জিতলে বিশ্বকাপের দরজা খোলা সম্ভব। নইলে পঞ্চম স্থানের জন্য লড়তে হবে, কেননা পঞ্চম হলেও কনকাকাফ অঞ্চলের চতুর্থ দলের সঙ্গে দুটো ম্যাচ খেলেই করে নিতে হবে বিশ্বকাপ খেলার সুযোগ। কঠিন চ্যালেঞ্জ! আপাতত সে লড়াইয়ে নামতেই দেশে ফিরেছেন ম্যারাডোনা। আর্জেন্টিনাকে ১৯৮৬-র বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা অবশ্য ইতালিতেও খুব একটা ভালো সময় কাটাননি। নাপোলিতে খেলার সময় কর ফাঁকি দিয়েছিলেন, সেই করের টাকা আদায় করতে এবার ইতালিতে পা রাখার পরই তাঁর ৫ হাজার ৯শ ডলার দামের কানের দুল খুলে রেখে দিয়েছে সেখানকার পুলিশ। এর আগে একবার একই কারণে তাঁর ঘড়িও রেখে দিয়েছিল ইতালির পুলিশ! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২০২০ ঘ.