ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে জমে উঠেছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির খেলা। ম্যান সিটিকে পেছনে ফেলে তিনবার এগিয়ে গিয়েছিল ম্যান ইউ। কিন্তু তিনবারই ম্যাচে ফিরে আসে ম্যান সিটি। তবে বদলি হিসেবে নেমে অতিরিক্ত সময়ের ছয় মিনিটে গোল করে বাজিমাৎ করে দেন মাইকেল ওয়েন। ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যান্য খেলায় সোমবার চেলসি ৩-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পারকে। ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ০-৩ গোলে জিতেছে এভারটন। ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ২-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে।
ওল্ড ট্রাফোর্ডে খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই এগিয়ে নেন ম্যান ইউকে। কিন্তু কিছুক্ষণ পরেই গোল শোধ করে ম্যাচে ফিরে আসে সিটি। সাবেক ইউনাইটেড স্ট্রাইকার কার্লোস তেভেজ ম্যান ইউ-এর গোলরক্ষককে বোকা বানিয়ে নিজে শট না নিয়ে বল ঠেলে দেন গ্যারেথ ব্যারিকে। সুযোগ হাতছাড়া করেননি ব্যারি। আলতো টোকায় বল পাঠিয়ে দেন ম্যান ইউ-এর জালে।
খেলার ৪৯ মিনিটে রায়ান গিগসের ক্রসে হেড করে বল জালে জড়িয়ে দেন ড্যারেন ফ্লেচার। কিন্তু তিন মিনিট পর আবার গোল। ক্রেগ বেলামি দর্শনীয় শটে ম্যান ইউ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন কাঙ্খিত ঠিকানায়।
৮০ মিনিটে ফ্লেচারের হেডে আবারো এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু রিও ফার্ডিন্যান্ডের ভুলে বল পেয়ে ৯০ মিনিটে প্রায় অসম্ভব এক জায়গা থেকে গোল করে ফের সমতা ফেরান বেলামি।
এ সময় ম্যান সিটির ম্যানেজার মার্ক হিউজেস খেলা শেষের বাঁশি বাজানোর জন্য তোড়জোড় করতে থাকেন। এরই মধ্যে চমৎকার একটি পাস পেয়ে যান সাবেক লিভারপুল স্ট্রাইকার মাইকেল ওয়েন। তাকে বলতে গেলে কিছুই করতে হয়নি, আলতো ছোঁয়ায় শুধু বল ঠেলে দেন ম্যানচেস্টার সিটির জালে।
প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে চেলসি। ১৫ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে দ্বিতীয় স্থানে। ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, টটেনহ্যান হটস্পার ও অ্যাস্টন ভিলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯২২ ঘ.
bdnews24