রোম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপের মূল পর্বে ওঠা নিয়েই রীতিমতো জেরবার আর্জেন্টিনার কোচ ডিয়েগো ম্যারাডোনা। সেই চিন্তায়ই কি-না কে জানে, হঠাৎ করেই ওজন হারাতে শুরু করেন তিনি। তাই তড়িঘড়ি করে ইতালি এসেছিলেন চিকিৎসা নিতে। কিন্তু ইতালির কর বিভাগের পুলিশ তা বুঝবে কেন? তারা বকেয়া করের জন্য ম্যারাডোনার ৪ হাজার ইউরোর কানের দুল খুলে রেখে দিয়েছে।
ইতালির কর পুলিশ জানায়, উত্তর ইতালির এক ক্লিনিকে চিকিৎসারত ম্যারাডোনার কাছ থেকে তার কানের দুল জব্দ করা হয়।
ব্যাপারটি যে এবারই প্রথম করল ইতালির কর কর্তৃপক্ষ, তা নয়। এর আগেও তারা এমন কাজ করেছে।
বকেয়া করের জন্য ম্যারাডোনাকে বছর তিনেক আগে দুটো রোলেক্স ঘড়ি খোয়াতে হয়েছিল। সেবার তিনি ইতালিতে এসেছিলেন একটি প্রদর্শনী ম্যাচ খেলতে। আর ২০০৫ সালে তার কাছ থেকে একটি নাচের অনুষ্ঠান থেকে পাওয়া টাকাও রেখে দেয় কর কর্তৃপক্ষ।
ম্যারাডোনার বিরুদ্ধে অভিযোগ, ইতালিয়ান ক্লাব নেপোলিতে খেলার সময় তিনি আয়কর বাবদ ৩ কোটি ১০ লাখ ইউরো দেননি।
১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত নেপোলিতে খেলা ম্যারাডোনা অবশ্য বলছেন, ক্লাবেরই উচিত ওই অর্থ পরিশোধ করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমআই/১৪১৪ ঘ.
bdnews24