ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালিয়ান লিগের দুর্দান্ত ফর্মটা কাজে লাগাতে পারলো না জুভেন্টাস। চ্যাম্পিয়ন্স লিগের গ্র"প পর্বের প্রথম ম্যাচেই বোর্দোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ওদিকে খারাপ ফর্ম থেকে বেরিয়ে এসি মিলান ২-১ গোলে হারিয়েছে মার্শেইকে। ওদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর দুই গোলে রিয়াল মাদ্রিদ ৫-২ গোলে বিধ্বস্ত করেছে জুরিখকে। অন্য দুই ম্যাচে ১-০ গোলে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।
হতে পারে বোর্দো ফ্রান্সের ঘরোয়া ফুটবল চ্যাম্পিয়ন, কিন্তু শক্তিমত্তায়, আন্তর্জাতিক খ্যাতিতে জুভেন্টাসের সাথে যোজন যোজন দূরত্ব। সেই জুভেন্টাসকে থামিয়ে দিয়েছে তারা ১-১ গোলে। ৬২ মিনিটে ফ্যাবিও ক্যানভারোর পাস থেকে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন স্ট্রাইকার ভিনসেনজো ইয়াকুইনতা। তার তীব্র শট খুঁজে নেয় বোর্দোর জাল। কিন্তু ১২ মিনিট পরই জারোসলাভ প্লাসিল সমতা ফেরান ম্যাচে।
জুরিখের মাঠে অসাধারন ফুটবল খেলেছে রিয়াল মাদ্রিদ। যদিও প্রথম ১৫ মিনিট রিয়ালকে নিজেদের ডি-বক্সে আসতে দেয়নি জুরিখ। ছোট ছোট পাসে মাঝমাঠে খেলা ধরে রেখেছিলো তারা। তবে আস্তে আস্তে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসে রিয়াল। ২৭ মিনিটে এগিয়েও যায়। ২৫ গজ দূর থেকে নেয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্রি-কিক পৌছে যায় পোস্টে। প্রথমার্ধের বাকী সময়ে রাউল ও হিগুয়াইনের কল্যাণে আরো দুই গোল আদায় করে নেয় রিয়াল।
৫৫ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন জাভি আলোনসো। একটু এলোমেলো হয়ে পড়ে রিয়ালের খেলা। সেই সুযোগে ৬৩ ও ৬৫ মিনিটে ২টি গোল আদায় করে নেয় জুরিখ। তবে ৮৯ মিনিটে আবার গোল আদায় করে নেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আবারও প্রায় ২৫ গজ দূর থেকে নেয়া ফ্রি-কিক, এবং গোল। রিয়াল থেকে এক পয়েন্ট ছিনিয়ে নেয়ার যে স্বপ্ন দেখেছিলো জুরিখ, তা শেষ হয়ে যায় সেখানেই। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গুতি রিয়ালের হয়ে পঞ্চম গোল করে চুপ করিয়ে দেন মাঠ ভর্তি জুরিখ সমর্থকদের।
ওদিকে ফিলিপ ইনজাঘির দুই গোলে মার্শেইয়ের মাঠ থেকে ২-১ গোলে জয় নিয়ে ফিরেছে এসি মিলান।
আরেক ম্যাচে নিকোলাস আনেলকার গোলে পোর্তোর বিপক্ষে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। ২০০৮ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ম্যানচেস্টার ইউনাইটেডকে বেসিকতাসের বিপক্ষে জিতিয়েছে পল স্কোলসের গোল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/ ২২৪৭ ঘ.
bdnews24