২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাইস্টার্সের প্রশংসায় পঞ্চমুখ কাউলি

নিজেকে দিয়েই কিম ক্লাইস্টার্সের অনুভূতি অনুধাবন করলেন অস্ট্রেলিয়ার সাবেক টেনিস তারকা গুলাগং কাউলি। ক্লাইস্টার্সের মতো তিনিও মা হিসাবে গ্র্যান্ড স্লাম জিতেছিলেন, সেই ১৯৮০ সালে। তাই রোববার ক্লাইস্টার্স যখন দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের শিরোপা জিতলেন, তখন কাউলি তার প্রশংসা করতে ভোলেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

সিডনি, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিজেকে দিয়েই কিম ক্লাইস্টার্সের অনুভূতি অনুধাবন করলেন অস্ট্রেলিয়ার সাবেক টেনিস তারকা গুলাগং কাউলি। ক্লাইস্টার্সের মতো তিনিও মা হিসাবে গ্র্যান্ড স্লাম জিতেছিলেন, সেই ১৯৮০ সালে। তাই রোববার ক্লাইস্টার্স যখন দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের শিরোপা জিতলেন, তখন কাউলি তার প্রশংসা করতে ভোলেননি। সাংবাদিকদের কাউলি বলেন, "ক্লাইস্টার্সের জেতার কথা শুনে আমার হৃদয়-মন বারবার আন্দোলিত হচ্ছিল। সেই অনুভুতির কথা বোঝাতে পারব না। আক্ষরিক অর্থেই আমি খুব খুশি।" "মায়েরা এগিয়ে যাও। কী দারুণ ব্যাপার ভাবুন তো, কিম তার কন্যাসহ জয় উদযাপনে কোর্টে নেমেছেন" বলেন তিনি। এরপর সাংবাদিকদের অনুরোধ করেন ক্লাইস্টার্সের কাছে তার শুভেচ্ছা পৌঁছে দিতে। ক্লাইস্টার্সের আগে গত ৬৬ বছরে কাউলিই ছিলেন প্রথম কোনও মা, যিনি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। টেনিস জীবনে ১৪টি গ্র্যান্ড স্লাম জয়ী কাউলি তার শেষ শিরোপাটি জিতেছিলেন মা হওয়ার তিন বছর পর। সেটা ছিল তার দ্বিতীয়বারের মতো উইম্বলডন জয়। ক্যাউলি তার স্মৃতি হাতড়ে বলেন, "ঘটনাটা ছিল ভীষণ মজার। ম্যাচ জিতে কোর্ট থেকে বেরিয়ে আসার পর কর্মকর্তারা আমাকে বললেন, আপনি কি বুঝতে পারছেন ১৯১৪ সালে ডরোথিয়া ডগলাস চ্যাম্বার্সের পর আপনিই প্রথম কোনও মা হিসাবে উইম্বলডন জিতলেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২২০৩ ঘ.