২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিপক্ষে কষ্টে জিতেছে ঢাকা আবাহনী

পুলিশ দলের ফুটবলে ফেরা ফেডারেশন কাপের সূচি তৈরির দিন রীতিমতো আলোচনা-সমালোচনার বিষয় হয়ে উঠেছিলো। খেলায় কতটা পারদর্শী তা এক প্রকার গৌণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেই মুহূর্তে। প্রতিপক্ষ দলগুলো হালকাভাবেই নেয় তাদের। কিন্তু মাঠে নামার পর দেখা গেলো উল্টো চিত্র। মোটেও সহজ প্রতিপক্ষ নয় বাংলাদেশ পুলিশ। 'বি' লিগ চ্যাম্পিয়ন আবাহনী ফেডারেশন কাপে পুলিশের বিপক্ষে জিতেছে অতি কষ্টে, ১-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 04:45 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম) - পুলিশ দলের ফুটবলে ফেরা ফেডারেশন কাপের সূচি তৈরির দিন রীতিমতো আলোচনা-সমালোচনার বিষয় হয়ে উঠেছিলো। খেলায় কতটা পারদর্শী তা এক প্রকার গৌণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেই মুহূর্তে। প্রতিপক্ষ দলগুলো হালকাভাবেই নেয় তাদের। কিন্তু মাঠে নামার পর দেখা গেলো উল্টো চিত্র। মোটেও সহজ প্রতিপক্ষ নয় বাংলাদেশ পুলিশ। 'বি' লিগ চ্যাম্পিয়ন আবাহনী ফেডারেশন কাপে পুলিশের বিপক্ষে জিতেছে অতি কষ্টে, ১-০ গোলে। খেলার ১৫ মিনিটে মতিউর মুন্নার ফ্রি কিক থেকে হেড করে বল জালে পাঠান প্রাণতোষ কুমার দাস। এরপর আবাহনীকে ম্যাচে খুঁজে পাওয়াই যায়নি। আকাশী নীল শিবিরের খেলোয়াড়রা গোল করা এক প্রকার ভুলেই যান। শুধুই এলো-মোলো ফুটবল দেখতে হয়েছে সমর্থকদের। পছন্দের দলের এমন পারফরমেন্স, তাও আবার পুলিশের বিপক্ষে! গোল খেয়েই দপ করে জ্বলে ওঠে পুলিশ। ছোট-ছোট পাসে তছনছ করে দেয় আবাহনীর রক্ষণভাগ। ২১ মিনিটে গোল প্রায় শোধ করেই ফেলেছিলো। অসিম চৌধুরীর ক্রস থেকে নাজমুল হেড করলে বল ক্রসবারে লাগে। ২৯ মিনিটে আবাহনীর উজ্জ্বল অবশ্য গোলের সম্ভাবনা তৈরি করেও শেষপর্যন্ত পরাস্ত হন পুলিশের গোল রক্ষক আজম খানের কাছে। প্রথমার্ধে আবাহনী ১-০ গোলে এগিয়ে থাকলেও ছন্দময় ফুটবল কিন্ত পুলিশই খেলেছে। বিরতির পর আর কোন গোল নেই। আবাহনীর সুপরিকল্পিত আক্রমণ দেখা গেছে নেহায়েতই হাতে গোনা কয়েকটি। কিন্তু অপেশাদার ফুটবল দল পুলিশই প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। বলের সঙ্গে যাদের সম্পর্ক কালে-ভদ্রে, তাদের সঙ্গেই জয় পেতে জাতীয় দলের তারকা খেলোয়াড়দের এমন হাঁসফাঁস অবস্থা! ভাবতেই অবাক লাগে। মাঠের দোষ দেওয়ারও কোনও উপায় নেই। শুকনো মাঠে গরমে শুধুই হাপিয়েছেন আবাহনীর খেলোয়াড়রা। কিন্তু পুলিশের ফুটবলাররাও তো সেই একই মাঠে খেলেছেন! আগের দিন যেখানে রীতিমত গোল উৎসব হয়েছে। সেই মাঠেই দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দুটি গোলই হয়েছে চার মিনিটের মধ্যে। বাকি সময় শুধুই অগোছালো ফুটবল খেলেছে দুই দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩০৩ ঘ.