ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য এখন সূতোয় ঝুলছে। হেরে গেছে প্যারাগুয়ের কাছে। ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করলো প্যারাগুয়ে। আগেই বিশ্বকাপের মূলমঞ্চে পা রাখা ব্রাজিল ৪-২ গোলে হারিয়েছে চিলিকে। ইউরোপ অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে ইংল্যান্ড ও স্পেন। ইতালি, জার্মানি ও পর্তুগাল জিতেছে নিজ নিজ খেলায়। সার্বিয়ার সঙ্গে ড্র করেছে ফ্রান্স।
আসুনসিয়নে প্যারাগুয়ের বিপক্ষে অন্য এক আর্জেন্টিনাকে আশা করেছিলো ফুটবলামোদীরা। সব আশাই নিরাশায় পরিণত করে যাচ্ছে তাই ফুটবল খেলেছে আর্জেন্টিনা। এর ফলে যা হওয়ার তাই হয়েছে। ১-০ গোলে হেরে গেছে।
পরিকল্পনা না থাকলে কোনও খেলায় জেতা যায় না। ফুটবলেও নয়। আর্জেন্টিনার খেলায় সমন্বয়হীনতা প্রকটভাবে ফুটে ওঠে। এলেমেলো খেলেছেন সবাই। ব্যাতিক্রম কেবল লিওনেল মেসি। জিততেই হবে, মূলত এই মনোভাবই ডুবিয়েছে তাদের।
শুরু থেকেই চমৎকার ফুটবল খেলতে থাকে প্যারাগুয়ে। এর ফলও পায় ২৮ মিনিটে। মাঝ মাঠ থেকে এডগার বেরেতোর সঙ্গে বল আদান-প্রদান করে ডি-বক্সের বাইরে নেলসন ভালদেজকে বল ঠেলে দেন সালভাদর ক্যাবানাস। গোল রাক্ষক সার্জিও রোমেরোসের ডান পাশ দিয়ে বল জালে পাঠিয়ে দেন ভালদেজ।
বিরতির পরপরই বড় ধরনের বিপাকে পড়ে আর্জেন্টিনা। লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় অভিজ্ঞ মিডফিল্ডার হুয়ান ভেরনকে। এর ফলে প্যারাগুয়ের ডিফেন্স ভেদ করা দুঃসাধ্য হয়ে পড়ে ১০ জনের আর্জেন্টিনা পক্ষে। শেষ পর্যন্ত পারেওনি।
ইকুয়েডরের জয় এবং কলম্বিয়া হেরে যাওয়ায় পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের টিকেট পাওয়া নির্ভর করছে এখন জটিল গাণিতিক হিসাবের ওপর। ইকুয়েডর, উরুগুয়ে ও ভেনেজুয়েলা যদি বাছাই পর্বের শেষ দু'টি ম্যাচ হারে এবং আর্জেন্টিনা দু'টি ম্যাচ জেতে তাহলেই দক্ষিণ আফ্রিকা যেতে পারবে। আর্জেন্টিনার খেলা বাকি রয়েছে পেরু ও উরুগুয়ের সঙ্গে।
অন্য ম্যাচে ব্রাজিল ৪-২ গোলে জিতেছে চিলির বিপক্ষে। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু দু'টি গোলই শোধ করে চিলি। লাল কার্ড পেয়ে ফিলিপ মেলো মাঠের বাইরে চলে যাওয়ায় ১০ জনের দল হয়ে পড়ে ব্রাজিল। আন্দ্রে সান্টোস ও আদ্রিয়ানোকে উঠিয়ে নিয়ে এলানো ও দিয়েগো তারদেলিকে নামান কোচ কার্লোস ডুঙ্গা। এরপরই ব্রাজিলের খেলায় ছন্দ ফিরে আসে। শেষ পর্যন্ত স্ট্রাইকার নিলমারের হ্যাটট্রিকে ৪-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। শেষের দিকে চিলিকেও খেলতে হয় দশজন খেলোয়াড় নিয়ে। লাল কার্ড পেয়ে বেরিয়ে যেতে হয়েছিল আলেক্সিজ সানচেজকে।
ইউরোপ অঞ্চলের খেলায় ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও স্টিফেন জেরার্ডের জোড়া গোলে ক্রেয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে পা রেখেছে ইংল্যান্ড। পেপের একমাত্র গোলে হাঙ্গেরির বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে পর্তুগাল। থিয়েরি অঁরির গোলে সার্বিয়ার সঙ্গে কোন রকমে ড্র করে দক্ষিণ আফ্রিকা যাওয়ার লড়াইয়ে টিকে আছে ফ্রান্স। জার্মানি ৩-০ গোলে আজারবাইজানকে ও ইতালি ২-০ গোলে বুলগেরিয়াকে হারিয়েছে। এস্টোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে স্পেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮০৩ ঘ.
bdnews24