২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের বিপক্ষে ভাল খেলতে পারলেই খুশি ফেনী সকার ক্লাব

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যে দল এখনও খেলেইনি মোহামেডানকে রুখে দিতে তারা কতটা প্রস্তুত বলা মুশকিল। তেমন কিছু বলেওনি 'বি' লিগে নবাগত ফেনী সকার ক্লাব। সিটিসেল ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে ঢাকা মোহামেডানের বিপক্ষে ভাল খেলতে পারলেই তারা খুশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 05:23 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যে দল এখনও খেলেইনি মোহামেডানকে রুখে দিতে তারা কতটা প্রস্তুত বলা মুশকিল। তেমন কিছু বলেওনি 'বি' লিগে নবাগত ফেনী সকার ক্লাব। সিটিসেল ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে ঢাকা মোহামেডানের বিপক্ষে ভাল খেলতে পারলেই তারা খুশি। "ম্যাচের ফলাফল তো ভাগ্যের হাতে। আমরা চাই ভাল খেলতে। 'বি' লিগের 'প্রস্তুতিমূলক' এই টুর্নামেন্টে নিজেদের যোগ্য দল হিসেবেই মেলে ধরতে চাই আমরা," বলেন ফেনী সকার ক্লাবের কোচ মিলন মোল্লা। উল্টোটাই আশা করছেন ঢাকা মোহামেডানের অধিনায়ক আরমান আজিজ। তাদের মুখে সেটা মানায়ও। আরমান আজিজ বলছেন, "মৌসুমের উদ্বোধনী ম্যাচ গুরুত্বের সঙ্গেই নিয়েছে মোহামেডান। প্রস্তুতিও ভাল হয়েছে। ফুটবলারদের মধ্যে জড়তা নেই। চ্যাম্পিয়ন দলের মর্যাদা ধরে রাখতে সেরা খেলাটাই খেলতে চাই আমরা।" তারকায় ঠাসা সাদাকালো শিবিরে এরই মধ্যে যোগ দিয়েছেন তিন বিদেশি ফুটবলার। বৃহস্পতিবার মাঠেও নামতে পারেন তারা। সার্বিক বিবেচনায় ফেনী সকার ক্লাবের সামনে কঠিন প্রতিপক্ষ হিসেবেই হাজির হবে ঢাকার এই বড় ক্লাবটি। জাতীয় দলের খেলোয়াড়ে ভরপুর মোহামেডানকে এখন প্রথম একাদশ সাজাতেই বেগ পেতে হবে। কোচ মারুফুল হক হয়তো খেলোয়াড়দের পারফরমেন্সের বিশ্লেষণ এরই মধ্যে শুরু করে দিয়েছেন। তারওপর মৌসুমের শুরুতেই বিদেশি খেলোয়াড়রা মাঠে নামলে জাতীয় দলের অনেকেরই হয়েতো মাঠে নামার সুযোগ হবে না। হাসান আল মামুন, সৈকত, ওয়ালি ফয়সাল, মামুন মিয়ারা যেমন রক্ষণ ভাগে কঠিন দেয়াল তৈরি করবেন প্রতিপক্ষের ফরোয়ার্ডদের জন্য, তেমনি মাঝ মাঠ থেকে কোমল আর এমেলিদের বল যোগান দিতে আরমান আজিজ, জাহিদ হোসেন, মামুন আর নাসিরদের কৌশল তো থাকবেই। এমন প্রতিপক্ষের বিপক্ষে সাদামাটা দলই নামাবে ফেনী সকার ক্লাব। তারকা খেলোয়াড় তো নেই, কোন বিদেশি ফুটবলারও খেলাতে পারছে না তারা। সবেধন নীল-মনি জাতীয় দলের ক্যাম্পের ফুটবলার মোনায়েম খাঁন রাজু মাঝ মাঠ থেকে বল যোগান দিতে পারলেই কেবল 'বি' লিগে অভিজ্ঞ দুই ফরোয়ার্ড আশরাফুল কাদের মঞ্জু ও আনোয়ার হোসেন কালে-ভদ্রে হয়তো মোহামেডানের গোল মুখে হানা দিতে পারবেন। বাকি আটজনই দলের মতই টুর্নামেন্টে নবাগত। যাই হোক, বৃহস্পতিবার সন্ধ্যা নামার আগেই ফয়সালা হবে। একই সঙ্গে প্রমাণ হয়ে যাবে জাতীয় দলের ক্যাম্পে তিন মাস কি শিখিয়েছেন ব্রাজিলিয়ান কোচ অ্যাডসন সিলভা ডিডো। কারণ তার শীর্ষ ফুটবলারদের বেশিরভাই খেলছেন মোহামেডানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৩৩ ঘ.