বুয়েন্স আইরিস, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এমনিতেই বিশ্বকাপ বাছাই পর্বে টালমাটাল অবস্থা আর্জেন্টিনার। শেষ চার ম্যাচের তিনটিতেই হেরেছে। তারওপর যুক্ত হয়েছে স্ট্রাইকার কার্লোস তেভেজের হাঁটুর ইনজুরি। ফলে তাকে ছাড়াই বুধবার প্যারাগুয়ের বিপক্ষে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে।
আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, হাঁটুর ইনজুরিতে ভুগছেন বলে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
বিশ্বকাপ বাছাই পর্বে বুধবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলায় আর্জেন্টিনা-প্যারাগুয়ে ছাড়াও মুখোমুখি হবে বলিভিয়া-ইকুয়েডর, উরুগুয়ে-কলম্বিয়া, ব্রাজিল-চিলি এবং ভেনিজুয়েলা-পেরু।
১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে চতুর্থ স্থানে রয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডর ও কলম্বিয়া ২০ পয়েন্ট নিয়ে আছে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে। আর্জেন্টিনা হেরে গেলে এবং ইকুয়েডর ও কলম্বিয়া নিজ নিজ খেলায় জিতলে আর্জেন্টিনা পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে নেমে যাবে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ চার দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর পঞ্চম দলকে বিশ্বকাপের মূলমঞ্চে যাওয়ার জন্য প্লে-অফ খেলতে হবে কনকাকাফ অঞ্চলের চতুর্থ দলের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮০৮ ঘ.
bdnews24