ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সাঁতার দলের মহিলাদের আবাসিক ক্যাম্পে ছয়জন বহিরাগত মেয়েকে তুলেছে সাঁতার ফেডারেশন। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন রিসার্স অব বাংলাদেশ (সিআইপিআরবি) নামের একটি এনজিও-এর সাঁতার প্রশিক্ষণার্থী তারা।
জাতীয় সুইমিং কমপ্লেক্সে মহিলা সাঁতারুদের আবাসিক ক্যাম্প পরিদর্শনের সময় রোববার বহিরাগত এই ছয় মেয়েকে দেখা যায়। জাতীয় সাঁতারুদের সঙ্গে বহিরাগত এই ছয় মেয়েকে রাখার সত্যতা স্বীকার করেছেন সাঁতার ফেডারেশনের কর্মকর্তারা।
সাঁতার ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিআইপিআরবি'র সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। আর এই চুক্তি অনুযায়ী, তাদের সাঁতারুদের আমরা প্রশিক্ষণ দেব। এ জন্য তাদের কাছ থেকে টাকা নেই আমরা।"
সিআইপিআরবি'র সঙ্গে সাঁতার ফেডারেশনের চুক্তি থাকলেও জাতীয় সাঁতারুদের ক্যাম্পে কোন বহিরাগত রাখার নিয়ম নেই। বিশেষ প্রয়োজনে আসন্ন একাদশ দক্ষিণ এশিয়ান গেমসের প্রশিক্ষণার্থীদের আবাসিক ক্যাম্পে সাঁতারুদের বাইরে অন্য কাউকে রাখতে হলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অনুমতি লাগবে। কিন্তু বিওএ কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে কোন আলোচনা ছাড়াই শনিবার ছয় বহিরাগত মেয়েকে থাকার ব্যবস্থা করে দেন ফেডারেশনের কর্মকর্তারা।
বিওএ'র পরিচালক এবং সিওও ওয়ালি উল্লাহ বলেন, "এনজিও-এর সাঁতারুরা শুধু সাঁতার শিখতে পারবে। জাতীয় সাঁতারুদের ক্যাম্পে বহিরাগত মেয়েদের রাত্রি যাপনের প্রশ্নই ওঠে না। সাঁতার ফেডারেশনের কর্মকর্তারা অনৈতিক কাজ করেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখব।"
ফেডারেশনের কর্মকর্তাদের এমন আচরণে চাপা ক্ষোভে ফুঁসছেন আবাসিক ক্যাম্পের সাঁতারুরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাঁতারু বলেন, "আমাদের সমস্যা নিয়ে ভাবেন না কর্মকর্তারা। টাকা পেয়ে বহিরাগত মেয়েদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের বিছানাও তাদের দিয়েছেন।" আরও কয়েকজন সাঁতারু একই কথা বলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩০৪ ঘ.
bdnews24