২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামির টাকায় ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে বরিশালে

সুনামির কথা হয়তো বেশির ভাগ মানুষই ভুলে গেছেন। কিন্তু আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা থেকে সুনামির অনুদান এখনও পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সুনামির সেই অর্থ অর্থাৎ আড়াই লাখ ডলার দিয়ে বরিশালে একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামির কথা হয়তো বেশির ভাগ মানুষই ভুলে গেছেন। কিন্তু আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা থেকে সুনামির অনুদান এখনও পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সুনামির সেই অর্থ অর্থাৎ আড়াই লাখ ডলার দিয়ে বরিশালে একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হচ্ছে। বরিশালে প্রশিক্ষণ কেন্দ্র তৈরির কাজ পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান মর্ডান বিল্ডার্স। দুই লাখ ৩৭ হাজার ডলারের বিনিময়ে এই কাজ নিয়েছে তারা। ফিফার অপারেশন্স বিভাগের সহকারী পরিচালক মহসিন গ্লানির উপস্থিতিতে শনিবার দরপত্র উন্মক্ত করা হয়। দু'টি প্রতিষ্ঠান মর্ডান বিল্ডার্স ও সিভিল ইঞ্জিনিয়ার্স এতে অংশ নেয়। আড়াই লাখ ডলারের মধ্যে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান পাবে ১২ হাজার ডলার। অক্টোবরে শুরু হবে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ। বাফুফে সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৫০ শয্যার একটি দোতলা ভবন তৈরি হবে প্রশিক্ষণ কেন্দ্রটির জন্য। বরিশাল জেলা স্টেডিয়ামের পাশে তৈরি হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্রটি। ভবন তৈরির পাশাপাশি খেলার মাঠ তৈরি করে দেবে মর্ডান বিল্ডার্স। এটা তাদের দায়িত্বের অতিরিক্ত বলে জানায় বাফুফে। প্রথমে বাংলাদেশের দুই উপকূলীয় জেলা কক্সবাজার ও বরিশালে দু'টি প্রশিক্ষণ কেন্দ্র তৈরির কথা ছিল। পরে দুই প্রতিষ্ঠানের টাকা মিলিয়ে একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশিক্ষণ কেন্দ্রের জন্য জমির ব্যবস্থা করে দেন সাবেক সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ। তখন তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন। সুনামির টাকায় তৈরি এই প্রশিক্ষণ কেন্দ্রটি আশ্রয় কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৫১ ঘ.